সাড়ে তিন কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত দুটি আদিবাসী ছাত্রাবাস বরাদ্দের অভাবে দুই বছরেও চালু করা সম্ভব হয়নি। ছাত্রাবাস দুটিতে সাত মাস আগে পাঁচজন করে কর্মচারী নিয়োগ দেওয়া হলেও তাঁদের বেতন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-২-এর (পিইডিপি) আওতায় দুর্গম এলাকার প্রাথমিক পর্যায়ের আদিবাসী ছাত্রছাত্রীদের আবাসন সমস্যা দূর করতে ২০১১ সালে রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে এবং লংগদু উপজেলার আটরকছড়া ইউনিয়নে ছাত্রাবাস নির্মাণ করা হয়। এর মধ্যে কাউখালীর ছাত্রাবাস নির্মাণে এক কোটি ৭৬ লাখ ১৩ হাজার ৩৯০ টাকা এবং লংগদুর ছাত্রাবাস নির্মাণে এক কোটি ৮৫ লাখ ১৩ হাজার ৩০৬ টাকা ব্যয় হয়। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ছাত্রাবাসগুলো নির্মাণ করে।
রাঙামাটি এলজিইডির নির্বাহী প্রকৌশলী মলয় কুমার ভৌমিক বলেন, প্রয়োজনীয় আসবাবসহ ছাত্রাবাসগুলো ২০১১ সালে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। ছাত্রাবাসগুলোর প্রতিটিতে ৪০ জন ছাত্র ও ৪০ জন ছাত্রীর আবাসন ব্যবস্থা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, দ্বিতল ছাত্রাবাসগুলোতে আসবাব ছাড়াও পানি তোলার জন্য পাম্প মেশিন ও জেনারেটর এবং আলোর জন্য সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। পাশে বৈদ্যুতিক সংযোগেরও ব্যবস্থা রয়েছে।
জানা গেছে, ছাত্রাবাসগুলো পরিচালনার জন্য পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় থেকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে অর্থ বরাদ্দ দেওয়ার কথা। কিন্তু বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে না।
সাত মাস আগে ছাত্রাবাসের পার্শ্ববর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তত্ত্বাবধায়ক এবং পাঁচজন করে কর্মচারী নিয়োগ দেওয়া হলেও তাঁদের বেতন দেওয়া হচ্ছে না। কাউখালী ছাত্রাবাসের নৈশপ্রহরী লালন মণি চাকমা বলেন, ‘রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে আমাদের নিয়োগ দেওয়া হয়েছে। তবে নিয়োগের পর এখনো আমাদের বেতন দেওয়া হয়নি।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রিয়াজ উদ্দিন কর্মচারীরা বেতন না পাওয়ার কথা স্বীকার করে বলেন, কিছু সমস্যার কারণে ছাত্রাবাসগুলো চালু করা যাচ্ছে না। বরাদ্দ পাওয়া গেলে কর্মচারীদের বেতন দেওয়া হবে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, আগামী বছর থেকে ছাত্রাবাসগুলো চালু করার ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।