দুটি আন্তর্জাতিক পুরস্কারের জন্য আদিলুর মনোনীত
মানবাধিকার সংগঠন অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খানকে দুটি আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। একটি হলো দক্ষিণ কোরিয়ার গুয়াংজু প্রাইজ ফর হিউম্যান রাইটস, অপরটি মার্টিন এনালস হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড। এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের (এএইচআরসি) এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দুই পুরস্কারের জন্য মনোনীত হিসেবে আদিলুর রহমানের নাম ঘোষণা করে।
আদিলুর রহমানের সঙ্গে যৌথভাবে গুয়াংজু প্রাইজ ফর হিউম্যান রাইটসের জন্য মনোনীত হয়েছে ইরানে মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাওয়া সংগঠন মাদার্স অব খাভারান। আগামী ১৮ মে গুয়াংজুতে বিশেষ আয়োজনের মাধ্যমে এই পুরস্কার দেওয়া হবে।
১৯৮০ সালের ১৮ মে গুয়াংজুতে সামরিক শাসনবিরোধী গণতান্ত্রিক জাগরণের সূচনা হয়, যার মাধ্যমে দেশটিতে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়। এই চেতনা সমুন্নত রাখতেই প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ ১০টি সংগঠন মার্টিন এনালস হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড প্রদান করে থাকে। এ বছর আদিলুর রহমান ছাড়াও চীনের চাও সানলি ও মেক্সিকোর আলেহান্দ্রা আনচেয়িতা এই অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। ৭ অক্টোবর জেনেভায় আনুষ্ঠানিকভাবে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে।