রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের সম্মান (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ই এবং এইচ ইউনিটের ফল গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়েছে।
১০ নভেম্বর ই ইউনিটের এবং ১১ নভেম্বর এইচ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন নীলুফার সুলতানা বলেন, এ বছর ই ইউনিটে মোট ২৫ হাজার ৫৬৩ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেন। তাঁদের বিজোড় ও জোড় রোল নম্বরে বিভক্ত করে পরীক্ষা নেওয়া হয়। ২ হাজার ৩০০ জন শিক্ষার্থী মেধা ও অপেক্ষমাণ তালিকায় স্থান পেয়েছেন। এই অনুষদের আসনসংখ্যা ৭৯৮টি। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে এই তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের পরের করণীয় বিষয়ে নোটিশ দিয়ে জানানো হবে। তবে কতজন শিক্ষার্থী পাস করেছেন সে হিসাব করা হয়নি বলে জানান তিনি।
প্রকৌশল অনুষদের ডিন আবু বকর মো. ইসমাইল বলেন, এ বছর এইচ ইউনিটে ২৩ হাজার ৬৬০ জন শিক্ষার্থী আবেদন করেন। তাঁদের মধ্যে ৪০ নম্বর পেয়ে পাস করেছেন ৩ হাজার ৮৬০ জন।