দুটি ইউনিয়ন রক্ষার দাবিতে এলাকাবাসীর গণসমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>গত ১৫ দিনে ইউনিয়নের ৩০০ পরিবারের বাড়িঘর ও ১ হাজার একর জমি বিলীন হয়েছে। গত আড়াই মাসে ভাঙন এলাকা দিয়ে জোয়ারের পানি ঢুকে রাজাপুর ও পূর্ব ইলিশা ইউনিয়নের আরও প্রায় ১০ হাজার পরিবারের বাড়িঘর প্লাবিত হচ্ছে

মেঘনা নদী থেকে ভোলা সদর উপজেলার রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দূরত্ব এখন প্রায় ২৫ হাত। ভাঙন প্রতিরোধ না করে উপজেলা প্রশাসন বিদ্যালয় ভবনটি নিলাম ডেকেছে। বিদ্যালয় ভবনটি ভেঙে নিলে ৩৫০ জন ছাত্রছাত্রীর লেখাপড়া ভেস্তে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

অভিভাবক, ছাত্র ও শিক্ষকেরা অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্লিপ্ততার কারণে রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুরের ৪ নম্বর ওয়ার্ড প্রায় বিলীন হয়ে গেছে। গত ১৫ দিনে ইউনিয়নের ৩০০ পরিবারের বাড়িঘর ও ১ হাজার একর জমি বিলীন হয়েছে। গত আড়াই মাসে ভাঙন এলাকা দিয়ে জোয়ারের পানি ঢুকে রাজাপুর ও পূর্ব ইলিশা ইউনিয়নের আরও প্রায় ১০ হাজার পরিবারের বাড়িঘর প্লাবিত হচ্ছে।
এদিকে ভাঙন এলাকায় বালুভর্তি জিও টেক্সটাইলের বস্তা ফেলে ভোলার রাজাপুর ও পূর্ব ইলিশা ইউনিয়নকে রক্ষার দাবিতে এলাকাবাসী গতকাল রোববার গণসমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
‘ভোলা বাঁচাও আন্দোলন কমিটি’র আয়োজনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এতে রাজাপুর ও পূর্ব ইলিশা ইউনিয়নের সাধারণ মানুষ, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন মৌলভীরহাট ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মো. নিজাম উদ্দিন, ভোলা বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, বিল্লাল হোসেন, মো. সাদ্দাম হোসেন প্রমুখ।
গত শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ভাঙনকবলিত এলাকার মানুষ ঘর ও ঘরের আসবাব সরিয়ে রাস্তার ওপর রাখছেন। অনেকে অন্যত্র নিরাপদে সরিয়ে নিচ্ছেন। কেউ কেউ রাস্তার পাশে ঘর তুলছেন। ৪ নম্বর ওয়ার্ডের ভাঙনকবলিত এলাকার বাসিন্দা ও গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু জাহান কবীর বলেন, গত ১৫ দিনে চৌকিদারবাড়ি, মিজিবাড়ি, দফাদারবাড়ি, ব্যাপারীবাড়ি, তালুকদারবাড়ি, খালাসিবাড়ি, ব্যাপারীবাড়ি, মাতব্বরবাড়ি, হাওলাদারবাড়িসহ তিন শতাধিক পরিবারের বাড়িঘর, ১ হাজার একর জমি, চৌকিদারবাড়ি জামে মসজিদ ও শিকদারবাড়ি জামে মসজিদ মেঘনা নদীতে বিলীন হয়েছে। রাজাপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভাঙনের মুখে রয়েছে। জোয়ারের পানিতে এসব বিদ্যালয়সহ বাড়িঘর প্লাবিত হচ্ছে। নদী থেকে রাজাপুর বিদ্যালয়ের ভবনের দূরত্ব মাত্র ২৫ হাত।
ওই ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মাসুদ রানা বলেন, ‘পাউবো ইলিশা জংশনের আশপাশে বালুভর্তি জিও টেক্সটাইলের বস্তা ফেললেও বিদ্যালয়ের সামনের আধা কিলোমিটারে কোনো বস্তা ফেলেনি। এক মাস আগে প্রাথমিক শিক্ষা কার্যালয়ে লিখিতভাবে বস্তা ফেলে বিদ্যালয় ভবনটি রক্ষা করতে বললেও এখন পর্যন্ত কেউ ভবন রক্ষা করতে আসেনি। ভাঙন এলাকায় বস্তা না ফেলায় ৪ নম্বর ওয়ার্ড বিলীন হতে চলেছে।’
রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি তাজুল ইসলাম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরেজান্নাত বলেন, ভাঙনের কবল থেকে ভবনটি রক্ষা না করে উল্টো ভবনটি ভাঙার জন্য নিলাম ডাকা হয়েছে। ভবনটি ভেঙে ফেললে এই এলাকার ৩৫০ জন ছাত্রছাত্রীর লেখাপড়া বন্ধ হয়ে যাবে।
রাজাপুর মিজিবাজারের পল্লিচিকিৎসক আমির হোসেন বলেন, চলতি বছরে তিনি তিনবার তাঁর ফার্মেসি ও আবাসস্থল পাল্টেছেন। পাউবো সময়মতো বস্তা ফেললে এমন হতো না।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘আমরা প্রায় এক মাস আগে উপজেলা প্রশাসন ও পাউবোকে রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি রক্ষা করতে বলেছি। তারা না রক্ষা করলে আমরা কী করতে পারি?’
ঠিকাদার আবুল কালাম আযাদের প্রতিনিধি মো. রাজীব প্রথম আলোকে বলেন, তাঁরা দক্ষিণ রাজাপুর, জংশন, কালুপুর মিলে দুই কিলোমিটারে তাঁরা ২ লাখ ৭৬ হাজার ৮৬৫টি বস্তা ফেলেছেন। রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও এক কিলোমিটার এলাকা ভাঙছে। ওই এক কিলোমিটারে দরপত্র না হওয়ায় বস্তা ফেলা যাচ্ছে না।
পাউবোর নির্বাহী প্রকৌশলী বাবুল আক্তার বলেন, ‘ভাঙনকবলিত এলাকা প্রায় ৪ কিলোমিটার। দুই কিলোমিটারে বস্তা ফেলার দরপত্র আহ্বান করা হয়েছে। এখানে ওপরের নির্দেশ ছাড়া বাড়তি জরুরি কাজ করা সম্ভব না।’
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তোফায়েল হোসেন বলেন, ‘পাউবো ভাঙনের মুখে বস্তা ফেলে রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি রক্ষার আশ্বাস দিলে নিলাম ডাকা থেকে বিরত থাকব।’