দুটি ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় দুটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ইটভাটা দুটি উপজেলার বটতলী ইউনিয়নের পরীরবিল এলাকায় পাশাপাশি অবস্থিত। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ আইন না মেনে পরীরবিল এলাকার কর্ণফুলী ব্রিকস ইটভাটাটি ভাটা এলাকা থেকে মাটি ও বালু তুলে ইট তৈরি করে আসছিল। এর দায়ে মাটি ও বালু ব্যবস্থাপনা আইন ২০১০–এর একটি ধারায় প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই ভাটার পাশে অননুমোদিতভাবে গড়ে ওঠা শাহ মোহছেন আউলিয়া ব্রিকস নামের আরেকটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এই ভাটা চলতি বছর তিন ফসলি জমিতে স্থাপন করা হয়।

ইউএনও গৌতম বাড়ৈ প্রথম আলোকে বলেন, একটি ভাটা পরিবেশ আইন ভঙ্গ করেছে এবং আরেকটি ভাটা অবৈধভাবে স্থাপন করায় অভিযান চালানো হয়েছে। অন্যান্য ভাটায় অভিযান চালানো হবে।