দুটি ইটভাটার জরিমানা
ইট পোড়ানোর অনুমতি (লাইসেন্স) ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এবং ইটভাটার চিমনি ও উৎপাদিত ইটও নির্ধারিত মাপের চেয়ে ছোট থাকায় গতকাল বুধবার রাজশাহীর পবা উপজেলার দুটি ইটভাটার মালিককে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ওই ইটভাটা দুটির মালিকেরা হলেন আনারুল ইসলাম ও তাঁর ভাই আবদুল খালেক। উপজেলার পোড়াপুকুর গ্রামে পাশাপাশি তাঁরা দুটি ইটভাটা গড়ে তোলেন। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ্জাকুল ইসলাম ভাটা দুটিতে অভিযান চালান।
ইউএনও বলেন, দুটি ভাটার কোনোটিরই ইট পোড়ানোর লাইসেন্স নেই। আবার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেই। এ ধরনের ভাটার চিমনির উচ্চতা সাধারণত ৫৫ ফুট হওয়ার কথা। অথচ আনারুলের ভাটার চিমনির উচ্চতা ৩০ থেকে ৩৫ ফুট হবে। আর খালেকের ভাটার চিমনির উচ্চতা প্রায় ২৫ ফুট। তাঁদের ইটও ছোট। এসব অনিয়মের কারণে আনারুলকে ৬০ হাজার টাকা ও আবদুল খালেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
পরে তাঁরা জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পান।