দুটি ইটভাটার মালিককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন লঙ্ঘন করায় মানিকগঞ্জ সদর উপজেলায় দুটি ইটভাটার মালিককে ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা নির্বাহী হাকিম সাবরীন চৌধুরী এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বরুন্ডি খেয়াঘাট এলাকার মেসার্স ন্যাশনাল ব্রিকস করপোরেশনের মালিক মো. মাজেদ মিয়া এবং একই এলাকার মেসার্স ফাহিম ব্রিকসের মালিক সাইফুল ইসলাম। প্রথমজনকে ৫০ হাজার ও দ্বিতীয়জনকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের জ্যেষ্ঠ রসায়নবিদ মুহাম্মদ আবদুল্লাহ আল-মামুন গতকাল প্রথম আলোকে বলেন, পর্যায়ক্রমে জেলার অন্যান্য ইটভাটায়ও অভিযান চালানো হবে।