দুটি উচ্ছেদ হলেও বাকি ১৪টি রয়ে যাবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডের মধ্যম সোনাইছড়িতে বন বিভাগের প্রায় ১২৫ একর সবুজ বেষ্টনী পর্যায়ক্রমে ধ্বংস করা হয়। এরপর সেখানে গড়ে তোলা ১৬টি শিপব্রেকিং ইয়ার্ডের মধ্যে দুটি গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের আদেশে উচ্ছেদ করা হয়।
উপকূলীয় বন বিভাগের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী বলছেন, এই রায়ে বন ধ্বংস করে সৃষ্ট অন্য ইয়ার্ডগুলোও উচ্ছেদের নির্দেশনা রয়েছে।
জানা গেছে, গাছ কেটে ইয়ার্ড তৈরির জন্য ইয়ার্ড ব্যবসায়ীদের বিরুদ্ধে একাধিক মামলা করে বন বিভাগ।
মো. নূরুন্নবী ভূঁইয়া ও অন্যদের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন গত বছরের ৬ অক্টোবর পূর্ণাঙ্গ রায় দেন।
রায়ে বলা হয়, ‘জেলা প্রশাসক চট্টগ্রাম, রিট আবেদনকারী এবং অন্যান্য ব্যক্তি যাঁরা নালিশি জমিতে শিপব্রেকিং ব্যবসায় জড়িত, তাঁদের কাছ থেকে উচ্ছেদের খরচ এবং বনায়নের খরচ আইনি প্রক্রিয়ায় আদায় করার জন্য আদেশ দিলাম।’
সোনাইছড়ি মৌজায় গাছ কেটে ইয়ার্ড নির্মাণের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) শুরু থেকেই আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। জানতে চাইলে বেলার আইনজীবী খায়রুল কবির প্রথম আলোকে বলেন, ‘দুটি ইয়ার্ডের বিরুদ্ধে মহামান্য আদালত যে আদেশটি দিয়েছেন, তা যুগান্তকারী। এই রায়টি একই জায়গার অন্যান্য মামলার ক্ষেত্রে উদাহরণ হিসেবে কাজে লাগানো যাবে।’
মধ্যম সোনাইছড়িতে একই সময়ে বন ধ্বংসের আরও চারটি মামলা বর্তমানে নিম্ন আদালতে বিচারাধীন।
উপকূলীয় বন বিভাগের পক্ষে মামলা পরিচালনাকারী ফরিদুল আলম বলেন, ‘অ্যাপিলেট ডিভিশনের আদেশের কপি জেলা জজের কাছে আমরা দাখিল করেছি। এটি একটি যুগান্তকারী রায়। এর ফলে আদালতে আমাদের অন্যান্য মামলার নিষ্পত্তি অনেক সহজ হবে। এটি উদাহরণ হিসেবে ব্যবহূত হবে। এই রায়ে বন ধ্বংস করে সৃষ্ট অন্য ইয়ার্ডগুলোও উচ্ছেদের নির্দেশনা রয়েছে।’
সরেজমিনে সোনাইছড়ি মৌজায় দেখা যায়, গাছ কেটে ফেলার কারণে সেখানকার বেড়িবাঁধ ভেঙে গেছে। স্থানীয় লোকজন জানান, বর্ষায় বাঁধ ছাপিয়ে সমুদ্রের পানি ঢুকে পড়ে সোনাইছড়ি ও জোড়া আমতল এলাকায়। এখানকার বাসিন্দাদের বেশির ভাগ মৎস্যজীবী ও নিম্ন আয়ের। তাঁরা ইয়ার্ড মালিকদের সম্পর্কে কথা বলতে ভয় পান। দুটি ইয়ার্ড উচ্ছেদ হওয়ায় তাঁরা খুশি হলেও অন্যগুলোর ব্যাপারে মুখ খুলতে ভয় পাচ্ছেন।
বন ধ্বংসের পর ১৬ ইয়ার্ড: রায় ঘোষণার আগে সুপ্রিম কোর্ট সোনাইছড়ি মৌজা সম্পর্কে ভূমি জরিপ অধিদপ্তরের প্রতিবেদন চান। গত বছরের ২৭ জুন অধিদপ্তর আদালতে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, মধ্যম সোনাইছড়ি ম্যানগ্রোভ বন ছিল। পর্যায়ক্রমে তা ধ্বংস করে ১৬টি ইয়ার্ড বানানো হয়েছে। বন থাকা এবং ধ্বংসের প্রমাণ গুগল আর্থের মহাফেজখানায় সংরক্ষিত আছে বলেও ওই প্রতিবেদন এবং পরে দেওয়া রায়ে উল্লেখ করা হয়েছে।
যে ১৬টি শিপব্রেকিং ইয়ার্ড বনের জায়গায় হয়েছে বলে উল্লেখ করা হয়, তার একটি তালিকাও জরিপ অধিদপ্তর আদালতে পেশ করে। এস কে স্টিল নামের দুটি ইয়ার্ড ইতিমধ্যে উচ্ছেদ করা হয়েছে।
উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আর এস এম মুনিরুল ইসলাম বলেন, ওই আদেশের ফলে এখন অন্যান্য মামলা গতিশীল হবে। পাশাপাশি গাছ কেটে আর কেউ ইয়ার্ড তৈরি করার সাহস করবে না।