দুটি এক্স-রে ও একটি ইসিজি যন্ত্র বিকল, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি এক্স-রে যন্ত্র ও একটি ইসিজি যন্ত্র বিকল হয়ে পড়ে আছে। এ কারণে রোগীদের অতিরিক্ত টাকা দিয়ে বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মমতাজ উদ্দিন বলেন, যন্ত্র তিনটি বিকল থাকায় রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ২০০৯ সালে স্বাস্থ্য বিভাগ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ লাখ টাকার একটি ডিজিটাল এক্স-রে যন্ত্র সরবরাহ করা হয়। ২০১৪ সালের জুলাই থেকে যন্ত্রটি বিকল হয়ে পড়ে আছে। কেন্দ্রীয় ঔষধাগার থেকে ২০১৫ সালের সেপ্টেম্বরে স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ লাখ টাকার আরও একটি এক্স-রে যন্ত্র দেওয়া হয়। সরবরাহের এক মাস পরই যন্ত্রটি বিকল হয়ে যায়।
গত ছয় মাস ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের ইসিজি যন্ত্রটিও বিকল হয়ে পড়ে আছে। এ তিনটি যন্ত্র মেরামতের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য প্রকৌশল বিভাগে দফায় দফায় লিখিতভাবে জানানো হলেও মেরামতে উদ্যোগ নেওয়া হয়নি।
হাটবাড়ি গ্রামের আবুল কালাম, তারাকান্দি গ্রামের লিটন মিয়া ও তয়েজ আলী গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। এক্স-রে যন্ত্র বিকল থাকায় কমপ্লেক্সের সামনের বেসরকারি চিকিৎসাকেন্দ্র (ক্লিনিক) থেকে দুই শ করে টাকা দিয়ে তাঁদের এক্স-রে করতে হয়েছে।
আবুল কালাম বলেন, এক্স–রে না থাকায় গরিবেরা বেকায়দায় পড়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলুল হক বলেন, যন্ত্র তিনটি মেরামতের জন্য অধিদপ্তরে বেশ কয়েকবার লিখিতভাবে অনুরোধ করা হয়েছে।