রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগ নির্ণয়ের দুটি এমআরআই যন্ত্রই বিকল হয়ে পড়ে আছে। এ কারণে রোগীরা অল্প খরচে সরকারি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
হাসপাতাল সূত্র জানায়, দুটি যন্ত্রের মধ্যে একটি গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ও অন্যটি ২৫ নভেম্বর বিকল হয়। সাধারণত মস্তিষ্ক ও মেরুদণ্ডের রোগ নির্ণয়ের কাজে এমআরআই যন্ত্র ব্যবহৃত হয়। হাসপাতালে প্রতিদিন ১০-১২ জন রোগীর পরীক্ষা-নিরীক্ষা চললেও যন্ত্র দুটি বিকল থাকায় বাইরে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে। এসব পরীক্ষায় হাসপাতালে তিন হাজার টাকা খরচ হলেও বাইরে ব্যয় হচ্ছে সাত হাজার টাকা। এই ব্যয় বহন করতে রোগীদের হিমশিম খেতে হচ্ছে।
হাসপাতালের ১৮ নম্বর ওয়ার্ডের এক রোগী গত বৃহস্পতিবার চিকিৎসার জন্য ভর্তি হন। চিকিৎসক তাঁকে এমআরআই করার পরামর্শ দেন। যন্ত্র নষ্ট থাকায় তিনি হাসপাতালে পরীক্ষা করাতে পারেননি। টাকার অভাবে বাইরেও পরীক্ষা করাতে পারেননি।
গত শনিবার হাসপাতালের জরুরি বিভাগের সামনে নীলফামারীর কিশোরগঞ্জ থেকে আসা এক রোগীর স্বজন আবুয়াল ইসলামের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য এই হাসপাতালে আসা। কিন্তু এখানে এসে জানতে পারি দুটি যন্ত্রই খারাপ। শেষে সাত হাজার টাকা দিয়ে বাইরে থেকে এমআরআই টেস্ট করতে হয়েছে।’
পীরগাছা উপজেলা থেকে গতকাল রোববার আসেন ইয়াসিন আলী। পরীক্ষা করাতে না পেরে তাঁকে ফিরে যেতে হয়। তিনি বলেন, ‘এত বড় হাসপাতালের যন্ত্র যদি খারাপ থাকে, তাহলে গরিব মানুষ কোথায় যাবে?’
রেডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান আলতাফ হোসেন বলেন, প্রতিদিন ১০-১২ জন রোগী পরীক্ষা করাতে না পেরে ফিরে যাচ্ছেন। এমআরআইয়ের যন্ত্রাংশ দেশের বাইরে থেকে আমদানি করতে হবে।
হাসপাতালের পরিচালক আবদুল কাদের খান বলেন, ‘বিষয়টি ঢাকায় জানানোর পর টেকনিশিয়ান এসে যন্ত্র দুটি দেখেও গেছেন। আশা করছি শিগগির সমস্যা কেটে যাবে।’