দুটি ওয়েব পেজ বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ‘আপত্তিকর’ বক্তব্যসংবলিত দুটি ওয়েব পেজ ৩০ দিনের মধ্যে বন্ধের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন।
আদালতে আবেদনটির পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা সাবিনা আহমেদ। তিনি সাংবাদিকদের বলেন, ফেসবুকের একটি পেজ ও একটি ওয়েবসাইটে মহানবী (সা.)কে নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য রয়েছে। এ বিষয়ে সাংবাদিক আরিফুর রহমান রাজধানীর শাহজাহানপুর থানায় এজাহার করতে গেলে তা নেওয়া হয়নি। এ জন্য ১০ সেপ্টেম্বর তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।
রিট আবেদনে স্বরাষ্ট্রসচিব, তথ্যসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যা বের মহাপরিচালক, বিটিআরসির চেয়ারম্যান, ঢাকার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের কমিশনার ও শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিবাদী করা হয়েছে।