দুটি ওয়ার্ড, কোয়ার্টার ছাত্রীনিবাসে বিদ্যুৎ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস, শিশু বিভাগ, আবাসিক কোয়ার্টার ও নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীনিবাসে পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই। এতে রোগী, তাদের স্বজন ও হাসপাতাল এলাকায় কর্মরত চিকিত্সক, নার্স ও কর্মচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
হাসপাতালের পরিচালক চিকিত্সক স্বপন অধিকারী বলেন, ‘গত ২৬ জুন ঈদুল ফিতরের রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এরপর থেকে শিশু ও অর্থোপেডিকস ওয়ার্ড অন্ধকারে। আমার নিজের কোয়ার্টারেও বিদ্যুৎ নেই। একই অবস্থা হাসপাতালের আবাসিক কোয়ার্টার ও নার্সিং ইনস্টিটিউটে। এর ফলে সন্ধ্যার পর এসব স্থানে ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। কয়েক দফা বিদ্যুৎ বিভাগের লোকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা তাঁদের জানিয়েছেন, কেব্ল না থাকায় সংযোগ দেওয়া যাচ্ছে না।’
বিদ্যুৎ উন্নয়ন বিভাগের বিক্রয় ও বিতরণ শাখার নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের বলেন, ‘বৈদ্যুতিক কেব্লের সমস্যার কারণে কয়েকটি লাইনে বিদ্যুৎ নেই। লাইন মেরামতের কাজ চলছে। গণপূর্ত বিভাগ ওই কাজ দেখভাল করছে।’
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ওই হাসপাতালে গিয়ে দেখা গেছে, দ্বিতীয় তলায় শিশু ওয়ার্ডে চিকিত্সা নিচ্ছে নুসরাত আলম নামের সাত মাস বয়সী এক কন্যাশিশু। তার মা নগরের সুজানগর এলাকার বাসিন্দা লাবণী আক্তার বলেন, ‘এক মাস ধরে এখানে চিকিত্সা নিচ্ছি। ঈদের রাত থেকে বিদ্যুৎ নেই।’
একই ওয়ার্ডে গত বুধবার থেকে চিকিত্সা নিচ্ছে মাহি আক্তার (২)। শিশুটির বাবা নগরের শুভপুর এলাকার আকাশ মিয়া বলেন, ‘বিদ্যুৎ না থাকার কারণে আমরাই টিকতে পারছি না। রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে বসে থাকি। এসেছি বাচ্চার শ্বাসকষ্ট লাঘব করতে, এখন অন্ধকারে আমাদেরও কষ্ট হচ্ছে।’
হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার হাসপাতালের শিশু ওয়ার্ডে ৩৬ ও অর্থোপেডিকস ওয়ার্ডে ২৯ জন রোগী ভর্তি ছিল।