দুটি কলেজ খোলা নিয়ে ছাত্রলীগের আলটিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী শনিবার চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মুহসীন কলেজ খুলে দেওয়ার আগে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করাসহ আট দফা দাবি জানিয়েছে সরকারদলীয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। অবিলম্বে এসব দাবি মেনে নিতে সংগঠনটি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি করা হয়।
এতে লিখিত বক্তব্য পড়েন মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহম্মেদ। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক নুরুল আজিম। এ সময় সংগঠনটির নগর ও কলেজ শাখার নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন, ছাত্রাবাসগুলো স্থায়ীভাবে বন্ধ, ক্যাম্পাসে মূল ফটক ছাড়া সব ফটক স্থায়ীভাবে বন্ধ, হোস্টেল সুপার ও মসজিদের ইমামকে সরিয়ে দেওয়া, অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া কর্মচারীদের দ্রুত অপসারণ ও তাঁদের দোকানপাট বন্ধ করে দেওয়া এবং কলেজ ক্যাম্পাসের ভেতর থেকে আবাসিক স্থাপনা সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়।
এ ছাড়া ছাত্র সংসদের নামে শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধ এবং তিন দশক ধরে আদায় করা চাঁদা শিক্ষার্থীদের ফেরত দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি ক্যাম্পাসের ভেতরে যে সব ছাত্রাবাস থেকে অস্ত্রসহ শিবির ক্যাডার ধরা পড়েছে, তাদের ছাত্রত্ব বাতিল এবং নাশকতা ও অস্ত্র মামলার আসামি শিবির ক্যাডারদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বলিষ্ঠ ভূমিকার কারণে সারা দেশে জঙ্গিবাদ ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ ও লড়াই অব্যাহত রয়েছে। এসব দুর্বিনীত অপশক্তি নির্মূলে প্রধানমন্ত্রী ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন। এ কারণে পৃথিবীর বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশ অনেকাংশে জঙ্গিবাদমুক্ত। অথচ চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মুহসীন কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছে জঙ্গিবাদের হোতা জামায়াত-শিবির।
নেতারা বলেন, চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মুহসীন কলেজ ক্যাম্পাসের ছাত্রাবাসগুলো নিয়ন্ত্রণ করছে শিবিরের ক্যাডাররা। সেখানে জাতীয় পতাকা ওড়ানো হয় না। জাতীয় সংগীত গাওয়া হয় না। শহীদ মিনারকে ধিক্কার জানানো হয়। ছাত্র সংসদের নামে কোটি টাকার বেশি চাঁদা আদায় করে ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছে শিবির। মুহসীন কলেজের ছাত্রীনিবাস শিবির ক্যাডাররা দখল করে নিয়েছে। অথচ প্রশাসন এ ব্যাপারে নির্বিকার।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আট দফা দাবি আগে মেনে নিতে হবে। এসব দাবি না মেনে ২ জানুয়ারি কোনোভাবে কলেজ খোলা যাবে না।
প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের বিজয় দিবসের কর্মসূচিতে শিবির হামলা চালালে ওই দিন চট্টগ্রাম ও হাজী মুহাম্মদ মুহসীন কলেজ বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে উভয় কলেজের শিক্ষার্থীদের ছাত্রাবাসগুলো খালি করতে বলা হয়।