দুটি কলেজে ছাত্রলীগের পাল্টা কমিটি ঘোষণা
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ও সরকারি শাহসুলতান কলেজে ছাত্রলীগের পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রলীগের একাংশ গতকাল শনিবার এই কমিটি ঘোষণা করে।
একই সঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজী জুয়েল ও সাধারণ সম্পাদক মাশরাফি হিরোকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তিন মাসের মধ্যে সমেঞ্চলন করে জেলা কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।
তবে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাত্রলীগের একাংশের এই ধরনের সিদ্ধান্তকে সংগঠনপরিপন্থী বলে দাবি করেছেন। সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতি ছাড়া জেলা কমিটির কোনো বৈঠক আহ্বান করার এখতিয়ার নেই বলে তাঁরা জানিয়েছেন।
দলীয় সূত্র জানায়, প্রায় এক মাস আগে সরকারি আজিজুল হক কলেজ ও সরকারি শাহসুলতান কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। কিন্তু জেলা ছাত্রলীগের একাংশ গতকাল কলেজ দুটিতে পাল্টা কমিটির ঘোষণা করে। জেলা ছাত্রলীগের সহসভাপতি আবদুস সাত্তার ও যুগ্ম সাধারণ সম্পাদক তাজনুর রহমান স্বাক্ষরিত ওই কমিটি গঠনের বিষয়টি গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। কমিটিতে সরকারি আজিজুল হক কলেজে বেনজির আহমেঞ্চদকে আহ্বায়ক এবং অসীম কুমার রায় ও আবদুল হান্নানকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
শাহসুলতান কলেজের কমিটিতে জাকিরুল ইসলামকে আহ্বায়ক এবং কামরুজ্জামান চঞ্চল, আরিফুল ইসলাম, মুকুল হোসেন, তানসেন হোসেন, জাকিউল আলম, রাশেদুল ইসলাম, হাসান মিয়া, আরিফুল ইসলাম ও মাসুম হোসেনকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
নতুন কমিটি গঠনের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রলীগের গঠনতন্ত্রের ১০ (খ) ধারা অনুযায়ী জুয়েল-মাশরাফির জেলা কমিটি মেয়াদোত্তীর্ণ ও অবৈধ। এই মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে ছাত্রলীগের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয়। এ জন্য ৯ এপ্রিল জেলা ছাত্রলীগ কার্যালয়ে একটি বিশেষ সভা আহ্বান করা হয়।
সহসভাপতি আবদুস ছাত্তারের সভাপতিত্বে ওই সভায় জেলা ছাত্রলীগের কার্যকরী কমিটির ১০১ সদস্যের মধ্যে ৫৪ জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে জেলা কমিটির সভাপতির পদ থেকে আল রাজী জুয়েল ও সাধারণ সম্পাদকের পদ থেকে মাশরাফিকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজী বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি ও সম্পাদকের অনুমতি ছাড়া জেলা কমিটির কোনো বৈঠক আহ্বান করার এখতিয়ার কারও নেই। তাই ৯ এপ্রিলের ওই বৈঠক অনিয়মতান্ত্রিক, অগঠনতান্ত্রিক ও অবৈধ।