দুটি কারখানাকে ৭৬ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে তরলবর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি ফেলে পরিবেশের ক্ষতিসাধন এবং অনুমতি ছাড়া কারখানা স্থাপনের দায়ে রপ্তানিমুখী ফকির নিটওয়্যারসহ দুটি ডাইং কারখানাকে সাড়ে ৭৬ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

কারখানা দুটি হচ্ছে সদর উপজেলার ফতুল্লার কায়েমপুরের রপ্তানিমুখী পোশাক তৈরির কারখানা ফকির নিটওয়্যার ও সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ব্যাবিলন। গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) আবু হেনা মোর্শেদ জামান এই ক্ষতিপূরণ ধার্য করেন।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপপরিচালক মুজাহিদুল ইসলাম বলেন, ফকির নিটওয়্যারের ইটিপি প্ল্যান্ট আছে। তবে তারা যথাযথভাবে অপরিশোধিত তরলবর্জ্য পরিশোধন না করে সরাসরি ফেলছিল। তাই তাদের কারখানাকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া সিদ্ধিরগঞ্জের গোদনাইলে ব্যাবিলন শিল্পকারখানার ইটিপি প্ল্যান্ট নেই। তাদের কারখানার বর্জ্য সরাসরি ফেলার অভিযোগে ক্ষতিপূরণ ধার্য করা হয়।