ত্রুটিপূর্ণ বর্জ্য শোধনাগার প্ল্যান্ট (ইটিপি) ব্যবহারের মাধ্যমে পরিবেশদূষণের দায়ে গাজীপুরের টঙ্গী বিসিক এলাকার দুটি প্রতিষ্ঠানকে গতকাল মঙ্গলবার জরিমানা করা হয়েছে। এর মধ্যে দিশারী ওয়াশিং প্ল্যান্টকে পাঁচ লাখ ও নোমান ফেব্রিক্স লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
দুটি প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিদের গতকাল ঢাকায় পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে তলব করে ওই জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়েছে, অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীরের নেতৃত্বে গত ২১ মে টঙ্গীর বিসিক শিল্পনগরের বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এর মধ্যে গতকাল দুটি প্রতিষ্ঠানের প্রতিনিধিকে অধিদপ্তরে তলব করে পরিবেশদূষণের দায়ে ছয় লাখ টাকা জরিমানা করা হয়। তা ছাড়া বিসিক শিল্পনগরে অবস্থিত ইটিপিবিহীন প্রায় ১৪টি প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিদের অধিদপ্তরে তলব করা হয়। তাদের সমিঞ্চলিতভাবে কেন্দ্রীয় ইটিপি নির্মাণকাজ সমাপ্ত করতে নির্দেশ দেওয়া হয়। শুনানিতে উপস্থিত মালিক ও প্রতিনিধিরা নির্দেশ প্রতিপালনে ব্যর্থ হলে ক্ষতিপূরণ দেওয়ার অঙ্গীকার করেন।