দুটি কারখানার পোশাক শ্রমিকদের ভাঙচুর
গাজীপুরে টঙ্গীর তিলারগাতি এলাকায় কনসেপ্ট নিটিং লিমিটেড কারখানার কর্মকর্তা সাইফুল ইসলাম (৩৫) গতকাল সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এর আগে শ্রমিকেরা তাঁকে হাসপাতালে নিতে চাইলে কারখানার এক কর্মকর্তা বাধা দেন। তাঁর মৃত্যুর খবর কারখানায় পৌঁছালে শ্রমিকেরা কারখানায় ভাঙচুর চালান। পরে ওই কারখানাসহ দুটি কারখানায় গতকালের জন্য ছুটি ঘোষণা করা হয়।
এদিকে টঙ্গীর গাজীপুরা সাতাইশ এলাকার কোলোসাস অ্যাপারেলস লিমিটেডের এক শ্রমিককে মারধর করতে সন্ত্রাসীরা কারখানায় এসেছিল—অভিযোগ তুলে শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। তাঁরা মানবসম্পদ কর্মকর্তাকে মারধর করে তাঁর কক্ষের কাচ ভাঙচুর করেন। ওই কারখানায় গতকালের জন্য ছুটি ঘোষণা করা হয়। শ্রমিক ও কর্মকর্তারা জানান, নিহত সাইফুল মাসকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠান কনসেপ্ট নিটিং লিমিটেড কারখানার তৃতীয় তলায় ‘লাইনচিফ’ হিসেবে কাজ করতেন। গতকাল সকালে সাইফুল কর্মস্থলে এসে মেঝের মেশিন সরাচ্ছিলেন। এ সময় বৈদ্যুতিক সকেটে তাঁর হাত পড়লে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। কয়েকজন শ্রমিকের ভাষ্যমতে, বিদ্যুতায়িত হওয়ার পর সাইফুলকে হাসপাতালে নেওয়ার সময় ওই ফ্লোরের উৎপাদন কর্মকর্তা মো. নজরুল শ্রমিকদের বকাঝকা করেন। এ সময় তাঁর সঙ্গে শ্রমিকদের বাগিবতণ্ডা হয়। পরে সাইফুলকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এ খবর কারখানায় পৌঁছালে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা কাজ বন্ধ করে নজরুলের শাস্তি দাবি করে তাঁর কক্ষের কাচ ভাঙচুর করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে মাসকো গ্রুপের প্রতিষ্ঠান শান্তা অ্যাপারেলস কারখানার শ্রমিকেরাও কর্মবিরতি শুরু করেন। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে আসে। বিদ্যুৎস্পৃষ্টে সাইফুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কারখানার মানবসম্পদ কর্মকর্তা আহমেদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনা ও এর পরের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। নিহত ব্যক্তির পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।’ কর্মকর্তাকে মারধর: শ্রমিকেরা জানান, মজুরি বৃদ্ধিসহ সাত দফা দাবি জানিয়ে আসছিলেন কোলোসাস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা। গতকাল সকালে বহিরাগত সন্ত্রাসীরা আন্দোলনরত শ্রমিক বাহারকে মারধর করতে ওই কারখানার ফটকে যায়। এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। তাঁরা মানবসম্পদ কর্মকর্তা শরীফুল ইসলাম পাঠানকে মারধর করেন এবং তাঁর কক্ষের কাচ ভাঙচুর করে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কোলোসাস অ্যাপারেলসের কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক বিশ্বজিৎ সেনগুপ্ত জানান, সন্ত্রাসীরা কোনো শ্রমিককে মারধর করতে কারখানায় আসেননি।