দুটি কারখানার শ্রমিকদের বিক্ষোভ
ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবিতে গাজীপুরের দুটি কারখানার শ্রমিকেরা গতকাল রোববার সকালে বিক্ষোভ করেন। একটি কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ১০-১২টি যানবাহনের কাচ ভাঙচুর করেন। দুটি কারখানাই গতকালের জন্য ছুটি ঘোষণা করা হয়।
কারখানার শ্রমিক ও শিল্প পুলিশের সদস্যরা জানান, সকাল সাড়ে আটটার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার নায়েগ্রা টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ইটপাটকেল ছুড়ে ১০-১২টি গাড়ির কাচ ভাঙচুর করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ও গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পুলিশ বেশ কয়েকটি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।
সদর উপজেলার কাশিমপুরের ডিবিএল পোশাক কারখানার শ্রমিকেরা সকাল নয়টার দিকে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার শামসুল আলম বলেন, কারখানা ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।