জমিজমা বা নারীঘটিত কোনো কারণে আইনজীবী নাজির হায়াত খান খুন হতে পারেন বলে ধারণা করছে পুলিশ। দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারা জানান, এ দুটি কারণ সামনে রেখেই তদন্তে নেমেছে পুলিশ। তবে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখনো কেউ গ্রেপ্তার হয়নি। ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, হত্যাকারীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ। তদন্তকাজ অনেক দূর এগিয়েছে। তিনি বলেন, পাঁচ-ছয় মাস আগে নাজির হায়াত ধানমন্ডির ছয় নম্বরে পৈতৃক সম্পত্তি বিক্রি করেছিলেন। তাঁর স্ত্রী পুলিশকে জানিয়েছেন, একাধিক নারীর সঙ্গে জানাশোনা ছিল। এ কারণে পুলিশ সন্দেহ করছে, সম্পত্তি বা নারীঘটিত কোনো বিষয়ের জেরে তিনি খুন হতে পারেন। গত সোমবার ধানমন্ডির ৯/এ এলাকার এক ফ্ল্যাট থেকে হাত-পা বাঁধা হাইকোর্টের আইনজীবী নাজির হায়াত খানের লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, নাজির হায়াত গত শুক্রবার দুপুরের দিকে খুন হয়েছেন। নাজির হায়াতের স্ত্রী সানজিদা খান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।