শেরপুরের নালিতাবাড়ী উপজেলা জাতীয় পার্টির দুটি অংশ আলাদা কমিটি করে আলাদা কার্যালয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। এর একাংশের নেতৃত্বে রয়েছেন জেলা কমিটির সহসভাপতি শওকত সাঈদ। দলটির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য তালুকদার রোজি সিদ্দিকি অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন।
দলটির দুটি অংশের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৫ সালের ৩ নভেম্বর মো. আক্কাছ আলীকে সভাপতি ও মো. হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে উপজেলা জাতীয় পার্টির দুই বছর মেয়াদি ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়। নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে জেলা কমিটি গত বছরের ১২ আগস্ট ওই কমিটি ভেঙে দেয়। পরে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আক্কাছ আলীকে আহ্বায়ক এবং মো. সোহেল রানাকে সদস্যসচিব করে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে দেন। এ সময় আগের কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হাসান আহ্বায়ক কমিটি গঠনকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে একাংশ নিয়ে পৌর শহরের গড়কান্দা এলাকায় অস্থায়ী কার্যালয় স্থাপন করেন। গত ১৮ ফেব্রুয়ারি উপজেলা জাতীয় পার্টির সম্মেলন হয়। এ দিন সম্মেলন বর্জন করে তালুকদার রোজি সিদ্দিকির নেতৃত্বে অপর অংশের নেতা-কর্মীরা শহরে মিছিল করেন। পরদিন রোজি সিদ্দিকির উপস্থিতিতে হাবিবুর রহমানকে সভাপতি ও মাহবুব হাসানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এদিকে সম্মেলনের মাধ্যমে আক্কাছ আলীকে সভাপতি ও মো. সোহেল রানাকে সাধারণ সম্পাদক করে ২০ ফেব্রুয়ারি জেলা কমিটি ৬৪ সদস্যের কমিটির অনুমোদন দেয়। এ কমিটি পৌর শহরের তারাগঞ্জ উত্তর বাজার এলাকায় কার্যালয় করে আলাদা কর্মসূচি পালন করছে।
জেলা কমিটির অনুমোদন করা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. সোহেল রানা বলেন, ‘সম্মেলনের মাধ্যমে জেলা কমিটি আমাদের কমিটি অনুমোদন দিয়েছে। অন্য কমিটির বৈধতা নেই। আমরা শওকত সাঈদদের নেতৃত্বে উপজেলা জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে চাই।’
উপজেলা জাতীয় পার্টির অপর অংশের সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, ‘আমাদের সঙ্গে তৃণমূলের নেতা-কর্মীরা রয়েছেন। আগামী দিনে আমরা তালুকদার রোজি সিদ্দিকির নেতৃত্বে উপজেলা জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যেতে চাই।’
জেলা জাতীয় পার্টির সভাপতি মো. ইলিয়াছ উদ্দিন মুঠোফোনে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, উপজেলা কমিটি জেলা কমিটির অধীন। সম্মেলনের মাধ্যমে কমিটি করে কেন্দ্রীয় কমিটির মহাসচিব এ বি এম রহুল আমিন হাওলাদারের প্রতিস্বাক্ষর নেওয়া হয়েছে। এর বাইরে গিয়ে মনগড়াভাবে কেউ কমিটি করলে সেটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। যাঁরা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।