দুটি কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চূড়ান্ত চুক্তি
মোট ২১৭ মেগাওয়াট ক্ষমতার দুটি ‘কুইক রেন্টাল’ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে গতকাল বুধবার। এর মধ্যে নারায়ণগঞ্জের মদনগঞ্জে ১০২ মেগাওয়াটের কেন্দ্র স্থাপন করবে সামিট পাওয়ার লিমিটেড। আর খুলনায় ১১৫ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র স্থাপন করবে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল)।গতকাল বিকেলে মতিঝিলের ওয়াপদা ভবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে ওই কোম্পানি দুটির চুক্তি স্বাক্ষরিত হয়। এই দুটি কেন্দ্রেরই জ্বালানি হবে ফার্নেস তেল। এগুলো চালু হবে আগামী নয় মাসের মধ্যে।কেপিসিএলের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহমুদ, সামিট পাওয়ারের পক্ষে কোম্পানির সচিব এ এন এম তারিকুর রশিদ ও পিডিবির পক্ষে সংস্থার সচিব আজিজুল ইসলাম চুক্তিতে সই করেন।এ সময় পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির, সামিট গ্রুপের চেয়ারম্যান মুহম্মদ আজিজ খান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সরকারের ‘কুইক রেন্টাল’ প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন উদ্যোগের অংশ হিসেবে এখন পর্যন্ত ১৩টি কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চলছে। এগুলোর সর্বমোট উৎপাদনক্ষমতা হবে এক হাজার ১৫৭ মেগাওয়াট। এর মধ্যে চারটি কেন্দ্র হবে ডিজেলচালিত। বাকি নয়টি চলবে ফার্নেস তেলে।ফার্নেস তেলে চালিত কেন্দ্রগুলোতে উৎপাদন শুরু হবে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের পরবর্তী নয় মাসের মাথায়।