দুটি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজীবপুর, উলিপুর ও চিলমারীর দুটি ইউনিয়ন) আসনের দুটি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে। আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে ওই দুই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়ে একটানা বিকেল চারটা পর্যন্ত চলে।

কেন্দ্র দুটি হলো রৌমারী কেরামতিয়া মাদ্রাসা ও চর বন্দবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই দুই কেন্দ্রে মোট ভোটার সাত হাজার ২৫৭ জন।

সকাল থেকে কেন্দ্র দুটিতে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা সাড়ে ১১টা পর্যন্ত চর বন্দবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চার হাজার ২১৪ জন ভোটারের মধ্যে এক হাজার ২৪১ জন ভোট দিয়েছেন। আর রৌমারী কেরামতিয়া  মাদ্রাসায় ভোট পড়েছে ৪০৩টি।

এই আসনে মূলত প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির (মঞ্জু) প্রার্থী রুহুল আমিন ও আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেন।

৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জাকির হোসেনের সমর্থকদের হামলায় এ দুটি আসনে ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়।

পরে নির্বাচন কমিশন এই দুটি কেন্দ্রে ১৬ জানুয়ারি পুনরায় ভোট গ্রহণের তারিখ ধার্য করে। ১৩ জানুয়ারি আওয়ামী লীগের প্রার্থী মো. জাকির হোসেন হাইকোর্টে এ দুটি কেন্দ্রসহ পাঁচটি কেন্দ্রে পুনরায় ভোট নেওয়ার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ১৫ জানুয়ারি হাইকোর্ট তিনটি কেন্দ্রের আবেদন নাকচ করে দিয়ে এ দুটি কেন্দ্রে পুনরায় ভোট নেওয়ার ওপর চার সপ্তাহের স্থগিতাদেশ জারি করেন।

এর বিরোধিতা করে জাপার (মঞ্জু) প্রার্থী রুহুল আমিন গত রোববার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালতে ভোট গ্রহণের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

কুড়িগ্রাম-৪ আসনে মোট ভোটার দুই লাখ তিন হাজার ৬৪ জন। ৫ জানুয়ারি এই আসনের ১০৬টি কেন্দ্রের মধ্যে ১০৪টি কেন্দ্রে ভোট পড়েছে ৫৭ হাজার ১০৮টি। এর মধে রুহুল আমিন (সাইকেল) পেয়েছেন ৩০ হাজার ৫৪৪ ভোট। আর জাকির হোসেন (নৌকা) ২৩ হাজার ৯৬৪টি ভোট।

ছয় হাজার ৫৯৮ ভোটে এগিয়ে থাকা রুহুল আমিন বলেন, রৌমারী কেরামতিয়া মাদ্রাসা কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। ভোটারের উপস্থিতিও যথেষ্ট। তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।