দুটি ক্লিনিকে প্রসূতিসেবা বন্ধের নির্দেশ
অনুমোদন না থাকায় জয়পুরহাটে মেরি স্টোপস ও সূর্যের হাসি ক্লিনিক দুটিতে প্রসূতিদের প্রসব কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা সিভিল সার্জন। সম্প্রতি ওই দুটি ক্লিনিকে অস্ত্রোপচারের পর প্রসূতি ও স্বাভাবিক প্রসবের পর নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটায় গত রোববার এ নির্দেশ দেওয়া হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয় ও মেরি স্টোপস ক্লিনিক সূত্র জানায়, জেলার পাঁচবিবি উপজেলার সিতামাতখুর গ্রামের প্রসূতি শারমিন বেগম প্রসব বেদনা নিয়ে ১১ আগস্ট জয়পুরহাট শহরের মেরি স্টোপস মেটারনিটি ক্লিনিকে ভর্তি হন। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর ছেলে সন্তান হয়। অস্ত্রোপচারের পর শারমিন প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন। মেরি স্টোপসের চিকিৎসকদের পরামর্শে তাঁকে রাতেই জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে পাঠানো হয়। গত শনিবার শারমিনের আত্মীয়রা তাঁকে আবার জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। পরদিন রোববার সকাল নয়টার দিকে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
অপর দিকে পাঁচবিবি উপজেলার নন্দীগ্রামের রিমা রাণী প্রসব বেদনা নিয়ে ৯ আগস্ট সকাল ১০টায় জয়পুরহাট শহরের নতুনহাট এলাকার সূর্যের হাসি ক্লিনিকে ভর্তি হন। বিকেল চারটায় ওই ক্লিনিকে রিমা স্বাভাবিক প্রসব করেন। এ সময় রিমার নবজাতক কান্নাকাটি না করলে ক্লিনিকের পরামর্শে দ্রুত শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হয়। কিন্তু পথেই নবজাতকের মৃত্যু হয়।
এ দুটি ঘটনায় অভিযোগ করা হলে জেলা সিভিল সার্জন এস এম আবদুল জলিল সরেজমিন তদন্তের পর গত রোববার মেরি স্টোপস মেটারনিটি ক্লিনিক ও সূর্যের হাসি ক্লিনিকের সরকারি অনুমোদন না থাকায় ক্লিনিক দুটিতে প্রসূতি প্রসব কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।
সিভিল সার্জন এস এম আবদুল জলিল প্রথম আলোকে বলেন, মেরি স্টোপস ও সূর্যের হাসি ক্লিনিকের সরকারি অনুমোদন না থাকায় প্রসূতিদের স্বাভাবিক প্রসব ও অস্ত্রোপচারের মাধ্যমে জটিল প্রসবের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
ওই দুটি ক্লিনিকের কর্তৃপক্ষ ওই কার্যক্রম বন্ধ রেখেছেন বলে জানান। গতকাল সোমবার মেরি স্টোপস মেটারনিটি ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ফাতেমা-তুজ-জোহরা বলেন, ওই প্রসূতির অস্ত্রোপচার বা চিকিৎসায় কোনো ত্রুটি বা অবহেলা ছিল না। ক্লিনিকটির সরকারি অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। অনুমোদনের বিষয়টি প্রক্রিয়াধীন।
সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, তাঁদের ক্লিনিকের অনুমোদন না থাকায় সিভিল সার্জনের নির্দেশে প্রসূতিদের প্রসবকালীন সেবা বন্ধ রাখা হয়েছে। অনুমোদন নেওয়ার পর ক্লিনিক আবার চালু করা হবে।