রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জলাবদ্ধতা নিরসনে খেদারমারা ইউনিয়নের নলবনিয়া খাল ও রূপকারী ইউনিয়নের রূপকারী খাল খননের উদ্যোগ নেওয়া হচ্ছে। গতকাল বুধবার দুপুরে সারোয়াতলী ইউনিয়নের শিজক কলেজে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এক মতবিনিময় সভায় এ কথা জানায়।
সভায় বিএডিসির রাঙামাটি জেলার নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা, শিজক কলেজের অধ্যক্ষ সুভাষ দত্ত চাকমা, বিএডিসির সহকারী প্রকৌশলী মো. ওমর ফারুক, সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যতিন রায় চাকমা, রূপকারী মৌজার হেডম্যান বিশ্বজিৎ চাকমা, জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা সভাপতি প্রভাত কুমার চাকমা প্রমুখ।
বিএডিসির নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম জানান, বাঘাইছড়ি উপজেলায় রূপকারী ও নলবনিয়া খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ করে কার্যাদেশ দেওয়া হয়েছে। এই প্রকল্পটি তিন বছর মেয়াদে শেষ হবে। এই প্রকল্পে দুটি খাল খনন, সেচনালা ও কালভার্টসহ মোট আট কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
রূপকারী মৌজার হেডম্যান বিশ্বজিৎ চাকমা জানান, রূপকারী খাল ভরাট হয়ে যাওয়ায় ১০০ একর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। কৃষকেরা বোরো আবাদ করলেও বৃষ্টি হলে পানি জমে খেত নষ্ট হয়ে যাচ্ছে। খাল খনন করা হলে কৃষকেরা এসব জমি থেকে ফসল ঘরে তুলতে পারবেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা জানান, খাল খনন প্রকল্প বাস্তবায়িত হলে ৩০০ একর জমি চাষের আওতায় আনা সম্ভব হবে।