দুটি গরুর দাম হাঁকা হচ্ছে ১৭ লাখ টাকা!
‘চট্টগ্রামে আমার চেয়ে বড় গরু আর কেউ আনতে পারেনি। কিন্তু এবার বাজারে গরুর চাপ (সরবরাহ) বেশি, তাই দাম বেশি উঠছে না।’কথাগুলো বললেন কুষ্টিয়ার গরু ব্যবসায়ী শরীফুল ইসলাম। নগরের সাগরিকা গরুর বাজারের প্রবেশপথে বড় দুটি গরু নিয়ে ক্রেতার অপেক্ষায় আছেন শরীফুল। তিনি একটির দাম হাঁকছেন নয় লাখ টাকা এবং অন্যটির দাম আট লাখ টাকা। এ দুটির দাম উঠেছে সাড়ে ১০ লাখ টাকা। ক্রেতারা নয় লাখ টাকা হাঁকা গরুর দাম পৌনে ছয় লাখ আর আট লাখ টাকা হাঁকা গরুটির দাম পৌনে পাঁচ লাখ পর্যন্ত বলেছেন। গতকাল বিকেল পর্যন্ত এই দুটি গরু বিক্রি হয়নি।গত বছর সীমান্তের ওপার থেকে সাত লাখ টাকায় এ দুটি গরু কেনেন শরীফুল। তিনি জানান, গরুগুলোকে প্রতিদিন দুই বেলা করে খাওয়ানো হয়েছে আখের গুড়, ছোলা, ভাত আর গমের ভুসি। আর গরুগুলোকে সুরক্ষিত জায়গায় লালনপালন করা হয়েছে। এ দুটির জন্য ছিল মশারি ও ফ্যানের ব্যবস্থা। কিন্তু সাগরিকা বাজারে এর কোনো ব্যবস্থাই নেই। এখানে নালার পাশে ত্রিপল টাঙিয়ে রাখা হয়েছে। খাওয়াতে হচ্ছে কেবল ভুসি। এখানে আসার পর তাই গরু দুটির ওজন কমে গেছে বলে মনে করেন শরীফুল। শরীফুল ১৮ অক্টোবর রাতে কুষ্টিয়া থেকে আটটি গরু নিয়ে সাগরিকা গরুর বাজারে আসেন। বাকি ছয়টি গরুর দাম এক থেকে দেড় লাখ টাকা হাঁকা হচ্ছে। তিন বছর ধরে তিনি কোরবানির মৌসুমে এ বাজারে আসছেন। তিনি ২০১০ সালে আটটি, ২০১১ সালে ১০টি গরু বিক্রির জন্য আনেন এবং এগুলোর সবই বিক্রি হয়ে যায়। এবার দরদামে না বনলে গরু বিক্রি করবেন না বলে জানালেন শরীফুল। অপেক্ষা করবেন আগামী বছরের কোরবানির জন্য।