শুল্কমুক্ত গাড়ির অপব্যবহারের অভিযোগ আনা দুটি গাড়ি শুল্ক গোয়েন্দাদের কাছে ফেরত দিয়েছে বিশ্বব্যাংক। গতকাল সোমবার বেলা ১১টার দিকে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের কর্মকর্তারা শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যালয়ে এই দুটি গাড়ি হস্তান্তর করেন।
এই দুটি গাড়ি ব্যবহার করতেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক কর্মকর্তা মির্ভা তুলিয়া ও মৃদুলা সিং। তাঁরা ঢাকায় দায়িত্ব পালন শেষে ফিরে গেলেও শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়িগুলো ফেরত দেননি কিংবা যথাযথভাবে হস্তান্তর করেননি।
শুল্ক গোয়েন্দা কার্যালয় সূত্রে জানা গেছে, মির্ভা তুলিয়া ২০১২ সালের অক্টোবর থেকে ২০১৬ সালের আগস্ট মাস পর্যন্ত বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে যোগাযোগ বিশেষজ্ঞ এবং মৃদুলা সিং ২০১৩ সালের মার্চ থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত জ্যেষ্ঠ সামাজিক উন্নয়ন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। একই কারণে গত রোববার আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ঢাকা কার্যালয় থেকে একটি সাদা রঙের টয়োটা সিডান মডেলের প্রাইভেট কার শুল্ক গোয়েন্দাদের কাছে হস্তান্তর করা হয়।
সম্প্রতি এনবিআরের এক অনুসন্ধানে দেখা গেছে, ৩৯৫ জন বিদেশি নাগরিক, যাঁরা এ দেশে বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানে কাজ করেছেন, কাজের মেয়াদ শেষে তাঁরা শুল্কমুক্ত গাড়ি-সুবিধার অনুকূলে ইস্যু করা পাসবইগুলো এনবিআরে ফেরত দেননি। এই তালিকায় বিশ্বব্যাংক, জাইকা, ইউএনডিপিসহ ২৫টি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান আছে। এর মধ্যে বিশ্বব্যাংকের ৫৩ জন কর্মকর্তা আছেন।
গত ৩১ জানুয়ারি পর্যন্ত এসব পাসবই ফেরত দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে ৩৫টি পাসবই ফেরত দেওয়া হয়। পরে ১৫ ফেব্রুয়ারি ১৬টি পাসবইধারী এবং সংশ্লিষ্ট গাড়ির খোঁজ জানতে চেয়ে বিশ্বব্যাংকের কাছে চিঠি দেয় শুল্ক গোয়েন্দা কার্যালয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল এই দুটি গাড়ি ফেরত দেয় বিশ্বব্যাংক।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, আইন অনুযায়ী তাঁরা বাংলাদেশ ছাড়ার আগে ব্যবহৃত পাসবই ও ব্যবহৃত গাড়ি দুটি শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে যাননি। গত রোববার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরা শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে উপস্থিত হয়ে পরবর্তী করণীয় ঠিক করেন। ওই আলোচনার সূত্র ধরেই আজ গাড়ি হস্তান্তর হয়েছে।
এই বিষয়ে গতকাল বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সঙ্গে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হয়। পরে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফানের একটি বিবৃতি পাঠানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, এই পাসবইগুলো নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে বিশ্বব্যাংক। ১৫ ফেব্রুয়ারি চিঠির সূত্র ধরে ওই ১৬টি পাসবইধারী এবং সংশ্লিষ্ট গাড়ির যাবতীয় তথ্য শুল্ক কর্মকর্তাদের সঙ্গে বিনিময় করেছিল। এর মধ্যে ১১টি গাড়ির বৈধ হস্তান্তরের কাগজপত্রও দেওয়া হয়েছে। ওই চিঠিতে উল্লেখিত নয়টি পাসবইসহ গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে মোট ৩৫টি পাসবই জমা দেওয়া হয়েছিল। বিবৃতিতে আরও বলা হয়, এর মধ্যে একটি পাসবইধারীর নামের বিষয়ে জানতে চাওয়া হয়েছে। কেননা, ওই নামটি বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের কর্মীর তালিকায় নেই। নিয়মকানুন প্রতিপালন হয়নি, এমন যেকোনো বিষয়ে এনবিআর ও শুল্ক গোয়েন্দাদের সহযোগিতা করতে বিশ্বব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। এ ছাড়া জাতীয় আইনকানুন যাতে সঠিকভাবে প্রতিপালন হয়, সে জন্য বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে প্রশাসনিক পর্যালোচনা করা হচ্ছে।