দুটি গাড়ির প্রতিযোগিতা, প্রাণ গেল পথচারীর
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দুটি প্রাইভেটকার পাল্লা দিয়ে চলার সময় একটি গাড়ির ধাক্কায় শান্তি রানী কানু (৬৫) নামের একজন পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পথচারী। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে ব্রাহ্মণবাজার কানুপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শান্তি রানী কানু কানুপট্টি এলাকার মৃত চরণ কানুর স্ত্রী। আহত ব্যক্তিরা হলেন আল আমিন (২২) ও মো. সালাম (৩৫)। তাঁদের ব্রাহ্মণবাজার এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর ভাষ্য, সকালে প্রাইভেট কার দুটি বেপরোয়া গতিতে পাল্লা দিয়ে মৌলভীবাজার থেকে কুলাউড়া উপজেলা সদরের দিকে যাচ্ছিল। কানুপট্টি এলাকায় আসার পর একটি প্রাইভেট কারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিন পথচারীকে ধাক্কা দিয়ে পাশের অটোরিকশার যন্ত্রাংশ বিক্রির একটি দোকানে ঢুকে পড়ে। স্থানীয় জনতা ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠিয়ে দেন। আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শান্তি রানীর মৃত্যু হয়।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নূর হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রাইভেট কার দুটি বেপরোয়া গতিতে চালানোর কারণেই এই হতাহতের ঘটনা ঘটেছে। গাড়ি দুটি আটক করা হয়েছে। চালক দুজনই পলাতক। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।