দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের পর সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলায় মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ও দগ্ধ হয়েছেন আরও নয়জন।
গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মাইক্রোবাসের চালক মো. আরিফ (৩২), মাফিয়া বেগম (৫০) ও মো. ইয়ামিন (৫)। আহত ব্যক্তিরা হলেন মাসুদ রানা (৪০), তাঁর স্ত্রী শাহিনুর আকতার (৩৫), ছেলে বায়েজিদ (৬), মেয়ে স্মৃতি (৯); সাইফুল ইসলাম (৩৫), তাঁর স্ত্রী ববি (৩০), মেয়ে তাসকিন আকতার (৮) ও সাদিয়া (৭) এবং কাজের মেয়ে রোমানা আকতার (১৬)। হতাহত ব্যক্তিরা ঢাকার আজিমপুর এলাকার বাসিন্দা। তাঁদের গ্রামের বাড়ি চাঁদপুরে।
পুলিশ সূত্র ও আহত কয়েকজন যাত্রী বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে গয়ালমারা এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয় লোকজন মাইক্রোবাস থেকে আহত যাত্রীদের উদ্ধারের চেষ্টা করেন। একপর্যায়ে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে মাইক্রোবাসে আগুন ধরে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ জানায়, আহত যাত্রীদের উদ্ধার করে প্রথমে আশপাশের কয়েকটি ক্লিনিকে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার ভোরে সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা ১২ জন মাইক্রোবাস নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের সার্জেন্ট মাইদুল ইসলাম বলেন, মাইক্রোবাসটি বেপরোয়া গতিতে চলছিল। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামলী পরিবহনের বাসকে মুখোমুখি ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম বলেন, আহত যাত্রীদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল দুপুরে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।