দুটি চালকলে ডাকাতি, ৩৭০ বস্তা চাল লুট
জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের হালট্রি বাজারে গত শুক্রবার রাতে দুটি চালকলের মালিক ও নৈশপ্রহরীর হাত-পা বেঁধে রেখে ৩৭০ বস্তা চাল লুট করে নিয়ে গেছে ডাকাতেরা।জয়পুরহাট থানার পুলিশ ও চাতাল মালিক সূত্রে জানা গেছে, পুরানাপৈল ইউনিয়নের হালট্রি বাজারের পশ্চিম পাশে মেসার্স আলেয়া চালকল ও জসিম চালকল থেকে ডাকাতেরা দুটি ট্রাকে করে চালসহ আরও ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে।চালকল দুটির মালিক জসিম উদ্দীন মোল্লা বলেন, ‘গত শুক্রবার দিবাগত রাত একটার দিকে ১৫-২০ জন সশস্ত্র ডাকাত চালকলে এসে আমার বড় ছেলে বেলাল হোসেন ও নৈশপ্রহরী আবদুল হামিদ, রঘুনাথ ও উকিল উদ্দীনকে মারপিট করে। তাদের হাত-পা বেঁধে চাতালের দক্ষিণ পাশে পল্লী বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখে। এরপর ডাকাতেরা গুদামের তালা ভেঙে ৮৫ কেজি ওজনের ৩৭০ বস্তা চাল ট্রাকে তোলে। এ ছাড়া চাতালে থাকা ৩০ হর্সের দুটি এবং ৫ হর্সের দুটি বৈদ্যুতিক মোটর, পাঁচটি মুঠোফোন, চাতালের গদি ঘরে রাখা দুই লাখ টাকা নিয়ে পশ্চিম দিকে চলে যায়।’নৈশপ্রহরী আবদুল হামিদ জানান, তিনি ওই সময় চাতালের পাশে পুকুরে মাছ দেখতে গিয়েছিলেন। ডাকাতেরা চাতালে তাঁকে ধরে ফেলে এবং রড দিয়ে মারপিট করে হাত বেঁধে ফেলে। প্রথমে পল্লী বিদ্যুতের খুঁটি এবং পরে চাতালের গুদামে তাঁদের বেঁধে রেখে ডাকাতেরা চলে যায়।জয়পুরহাটের পুলিশ সুপার মোজাম্মেল হক ও সদর থানার পুলিশ ঘটনাস্থলে যায়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল বলেন, গতকাল শনিবার দুপুরে হালট্রি বাজারের নৈশপ্রহরী হারুনুর রশিদ, বকুল হোসেন ও জাহানুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। চালকলের মালিক জসিম উদ্দীনের ছেলে বেলাল হোসেন বাদী হয়ে ডাকাতির মামলা করেছেন।