দুটি চোরাই গাড়িসহ চারজনকে গ্রেপ্তার
চোরাই দুটি ব্যক্তিগত গাড়িসহ চারজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের কোতোয়ালি থানার পুলিশ। গত দুই দিন ঢাকা ও চট্টগ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া চারজন হলেন সৈয়দ মোহাম্মদ জাবেদ (৩০), সেরিকুল ইসলাম (৩৬), মাহাফুজুর রহমান খান (৩৫) ও মোহাম্মদ জাহাঙ্গীর (৩০)। এই চোরদলের প্রধান হলেন জাবেদ।গতকাল রোববার আসামিদের পুলিশ কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় জাবেদ সাংবাদিকদের জানান, তিনি নগরের নূর আহম্মদ সড়কে অবস্থিত বহুতল বাণিজ্যিক ভবন মেট্রোপোল চেম্বারের মালিক আবদুল লতিফের সন্তান। ভাড়ার নাম করে তাঁরা ঢাকা থেকে চট্টগ্রামে গাড়ি এনে বিক্রি করতেন।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সদীপ কুমার দাশ জানান, গ্রেপ্তার করা চারজনকে নগরের পতেঙ্গা ও কোতোয়ালি থানায় দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি জানান, গত ১৮ ফেব্রুয়ারি নগরের স্টেশন রোড থেকে একটি এক্স-করলা এবং ২ মার্চ পতেঙ্গা নেভাল একাডেমির সামনে থেকে একটি এলিয়েন প্রাইভেট কার চুরি হয়। ওই দুটি ঘটনার পর সংঘবদ্ধ চোরদলকে গ্রেপ্তারের জন্য কোতোয়ালি থানা ও গোয়েন্দা শাখার সমন্বয়ে গঠিত বিশেষ দল ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার এবং চোরাই গাড়ি দুটি উদ্ধার করে। ইতিমধ্যে চোরের দল নামমাত্র দামে গাড়ি দুটি বিক্রি করে দিয়েছে। সিএনজিসহ দুজন গ্রেপ্তার: শনিবার রাত পৌনে ১২টার দিকে এসআই আজিজ আহম্মেদ ও এসআই ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে মইজ্যারটেক সিডিএ আবাসিক প্রকল্প এলাকা থেকে একটি চোরাই সিএনজিচালিত অটোরিকশাসহ মো. ইমান হাসান (২২) ও সৈয়দ আলমকে (৫০) গ্রেপ্তার করা হয়।হাসান ও আলম পুলিশকে জানান, দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চুরি করে বডির রং পরিবর্তন ও ইঞ্জিন নম্বর পরিবর্তন করে তাঁরা বেচাকেনা করে আসছিলেন। এ ছাড়া তাঁরা সিএনজি চুরির পর মালিকের মোবাইলে ফোনের মাধ্যমে গাড়ি ফেরতের বিনিময়ে টাকা দাবি করেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দাবির টাকা পাঠালে গাড়ি ফেরত দেওয়া হয়। এ ঘটনায় কর্ণফুলী থানায় মামলা হয়েছে।