দুটি চোরাই মোটরসাইকেল জব্দ, দুই তরুণ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলায় পুলিশের ফাঁদে পড়ে ইমরান আলী (২৪) ও জাহিদুর রহমান (২৫) নামের দুই তরুণ আটক হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় বিরামপুরের জয়নগর এলাকা থেকে পুলিশ তাঁদের আটক এবং চোরাই দুটি মোটরসাইকেল জব্দ করে।
এ ঘটনায় পুুলিশ বাদী হয়ে বিরামপুর থানায় মামলা দায়ের করেছে। ইমরান আলী দিনাজপুরের পুলহাট এলাকার এবং জাহিদুর রহমান বিরামপুর উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, আটক দুজন চিহ্নিত মোটরসাইকেল চোর। গত বুধবার তাঁদের দিনাজপুর আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
ওসি মমিনুল ইসলাম জানান, এলাকার চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ও চোরদের ধরতে থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ ক্রেতা সেজে এক মাস ধরে অনুসন্ধানের পর ইমরান ও জাহিদুরের সন্ধান পান। তিনি তাঁদের সঙ্গে একটি মোটরসাইকেল ৫০ হাজার টাকায় কেনার জন্য চুক্তিবদ্ধ হন। গত মঙ্গলবার ইমরান ও জাহিদুরকে আটক করা হয়।