বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের ছাত্রীদের আবাসনসংকট প্রকট আকার ধারণ করেছে। স্নাতক সম্মান ও পাস, স্নাতকোত্তর এবং উচ্চমাধ্যমিক শ্রেণীতে কলেজটিতে প্রায় সাড়ে পাঁচ হাজার ছাত্রী পড়ালেখা করলেও শিক্ষার্থীদের আবাসনের জন্য ভরসা মাত্র ২০০ আসনের দুটি ছাত্রীনিবাস।এই দুটি ছাত্রীনিবাসে গাদাগাদি করে থাকছেন প্রায় ৬০০ ছাত্রী। ছাত্রীনিবাস দুটিতে ধারণ ক্ষমতার তিন গুণ শিক্ষার্থী বসবাস ছাড়াও রয়েছে বিছানা, চেয়ার-টেবিলের সংকটসহ নানা সমস্যা। সংকট ও সমস্যার কথা স্বীকার করে কলেজের অধ্যক্ষ মো. সামস্-উল-আলম প্রথম আলোকে বলেন, সংকট নিরসনে প্রয়োজন বহুতলবিশিষ্ট অত্যাধুনিক ছাত্রীনিবাস। এ ছাড়া ছাত্রীনিবাসগুলোতে আবাসনের চাপ কমাতে অনাবাসিক ছাত্রীদের পরিবহনের জন্য আরও কমপক্ষে পাঁচটি বাস চালু করা প্রয়োজন। সমস্যার কথা শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে। কলেজ সূত্র জানায়, ১৯৬৩ সালে বগুড়ার মুজিবুর রহমান মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়। তিন দশমিক ৭৫ একর জায়গাজুড়ে স্থাপিত কলেজটি সরকারি করা হয় ১৯৭৮ সালের ১ ফেব্রুয়ারি। শুরুতে উচ্চমাধ্যমিক স্তর খোলা হলেও পরে স্নাতক পাস কোর্স চালু করা হয়। ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষে কলেজটিতে বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং দর্শন বিষয়ে স্নাতক (সম্মান) চালু করা হয়। পরে পাঁচ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি চালু হয়। সম্প্রতি কলেজের ‘বেগম ময়জন নেছা ভান্ডারী’ ও ‘বেগম জাহানারা’ আবাসিক হলে গিয়ে দেখা গেছে, হল দুটি জরাজীর্ণ। বেশকিছু কক্ষের দরজা-জানালা ভাঙা। গণরুমে ১২৮ জন ছাত্রীর থাকার ব্যবস্থা। জানালা নেই। কক্ষের মধ্যে ঘুটঘুটে অন্ধকার। অপরিচ্ছন্ন স্যাঁতসেঁতে মেঝে। হলে গ্রন্থাগার ও অতিথি কক্ষ নেই। কলেজ সূত্র জানায়, দুটি হলের আসনসংখ্যা প্রায় ২০০। অথচ থাকছেন ৫৮৪ জন ছাত্রী। ময়জন নেছা ভান্ডারী হলের ইতিহাস বিভাগের ছাত্রী শেলী আখতার বলেন, নতুন শিক্ষার্থীদের এক বছর ধরে গণরুমে গাদাগাদি করে থাকতে হয়। হলের কক্ষগুলোতে পড়ার জন্য টেবিল ও বসার চেয়ার নেই। ফলে ছাত্রীরা বিছানায় ঘুমান, বিছানাতেই পড়ালেখা করেন। বিছানার ফাঁকে ফাঁকে বৈদ্যুতিক পাখা আছে। কিন্তু বাতাস লাগে না। গরমে দম বন্ধ হয়ে আসে। রাতে ঘুম হয় না। বর্ষাকালে ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ে। দুটি ছাত্রী হলের তত্ত্বাবধায়ক ফরহাদ হোসেন বলেন, আবাসিক হলে সমস্যার অন্ত নেই। ২০০ সিটের ছাত্রীনিবাসে প্রায় ৬০০ ছাত্রী গাদাগাদি করে থাকে। হলে ন্যূনতম সুযোগ-সুবিধা নেই। পড়ালেখার পরিবেশও বিঘ্নিত হয়। তাছাড়া হল তত্ত্বাবধায়কের আবাসিকভাবে থাকার ব্যবস্থা নেই এখানে। ফলে রাতের বেলা ছাত্রীরা অসুখ-বিসুখ বা বিপদে-আপদে পড়লেও তাদের খোঁজখবর নেওয়া যায় না।