দুটি ছাপরা ঘর ভেঙেই অভিযান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শিয়ালপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালান চন্দ্রা বন বিভাগের কর্মকর্তারা। কিন্তু তাঁরা দুটি ছাপরা ঘর ভেঙেই অভিযান বন্ধ করে দেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, উপজেলার চন্দ্রা বন বিভাগের নিয়ন্ত্রণাধীন শিয়ালপাড়া এলাকায় গতকাল দুপুর ১২টার দিকে অভিযান চালান বন কর্মকর্তারা। অভিযানের নেতৃত্ব দেন চন্দ্রা রেঞ্জ অফিসের বিট কর্মকর্তা মীর বজলুর রহমান। ওই এলাকায় ৫০-৬০টি অবৈধ ঘরবাড়ি রয়েছে। তারই পাশে ছোট করে টিনের ছাউনি দেওয়া দুটি ছাপরা ঘর নির্মাণ করেছেন নবিউল ইসলাম ও মোকলেছুর রহমান। তাঁরা সেখানে চা বিক্রি করতেন।
ওই কর্মকর্তার নেতৃত্বে ১০-১২ জন লোক ওই এলাকায় অভিযান চালিয়ে টিনের বেড়া দেওয়া দুটি ছাপরা ঘর ভেঙে দেন। ভাঙার সময় ওই কর্মকর্তা কয়েকটি ছবি তোলেন। ছবি তোলা শেষ হলেই উচ্ছেদ অভিযান শেষ করে তিনি ফিরে যান। পাশের অবৈধ স্থাপনাগুলো অক্ষত থেকে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক বাসিন্দা বলেন, কয়েক দিন আগে সেই দুটি ঘরের জন্য ওই কর্মকর্তাকে ৪০ হাজার টাকা দেওয়া হয়। এরপরও ওই দোকানঘর দুটি ভেঙে দেওয়া হয়। অথচ পাশের অন্য দোকান ও বাড়িঘর আগের অবস্থায় রয়ে গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে মীর বজলুর রহমান টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে এই প্রতিবেদককে বলেন, ‘পর্যায়ক্রমে অন্য অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে। আপনি অফিসে আইসেন, আপনাকে জানিয়ে দেওয়া হবে, কবে থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে।’