দুটি জাহাজকে পরিবেশ অধিদপ্তরের নোটিশ
পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই জেটি ব্যবহার ও দূষণের অভিযোগে দুটি জাহাজের কর্তৃপক্ষকে গতকাল সোমবার নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।জাহাজ দুটি হচ্ছে, টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী পর্যটকবাহী এফবি সোনারগাঁও ও এফবি ফারহান ক্রুজ। জাহাজ দুটির কর্তৃপক্ষকে ১ জানুয়ারি পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।জানা গেছে, সরকারি ব্যবস্থাপনা ও রাজস্ব সঠিকভাবে আদায় হচ্ছে না—এই মর্মে গত ৩০ নভেম্বর টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রুপ হাইকোর্টে একটি পিটিশন দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ১১ ডিসেম্বর বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে টেকনাফের দমদমিয়া থেকে সেন্ট মার্টিনগামী সব জাহাজ চলাচলের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দিয়ে সরকারি জেটি ব্যবহারের নির্দেশ দেন। এর পর থেকে পর্যটকবাহী জাহাজ এফবি সোনারগাঁও স্থলবন্দরসংলগ্ন পরিবেশ অধিদপ্তরের জেটি কোনো প্রকার অনুমতি না নিয়েই ব্যবহার করে আসছে। পরিবেশ অধিদপ্তরের কক্সবাজারের উপপরিচালক সাইফুল আশ্রাব প্রথম আলোকে জানান, অনুমতি না নিয়ে অবৈধভাবে পরিবেশ অধিদপ্তরের জেটি ব্যবহার করে যাত্রী নিয়ে সেন্ট মার্টিনে যাতায়াত করায় এফবি সোনারগাঁও কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। আর এফবি ফারহান থেকে সাগরে বর্জ্য ফেলতে দেখা গেছে।