মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দুটোতেই জিপিএ-৫ নিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া তো দূরে থাক, ন্যূনতম পাস নম্বরও পাচ্ছেন না অধিকাংশ শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের বিগত চার বছরের ভর্তি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের তথ্য বিশ্লেষণ করে এ ধারণা পাওয়া যায়। চলতি ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ক, খ ও গ ইউনিটে দ্বৈত জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫০ হাজার ৪৯২ জন। এঁদের মধ্যে পাস করেছেন ১৮ হাজার ৬০৮ জন। অর্থাৎ মোট ৬৩ দশমিক ৮৫ শতাংশ দ্বৈত জিপিএ-৫ ধারী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ করতে পারেননি। গত বছর অনুত্তীর্ণের এই হার ছিল ৫১ দশমিক ২০। ২০১০ ও ২০১১ সালের ভর্তি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়াদের মধ্যে অনুত্তীর্ণের হার ছিল ৩৫ ও ৪২ শতাংশ।
গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি-প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এই ভর্তি-প্রক্রিয়া ‘ত্রুটিপূর্ণ’। এসএসসি ও এইচএসসির পর ভর্তির জন্য কোনো পরীক্ষার প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এখনকার ভর্তি-প্রক্রিয়া বহুদিনের পরীক্ষা-নিরীক্ষার ফসল। এখানে যেমন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল বিবেচনা করা হয়, তেমনি শিক্ষার্থীর মেধাও যাচাই করা হয়।
পাস-ফেলের হিসাব-নিকাশ: বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮০ হাজার ৪৫২ জনের মধ্যে মাধ্যমিক আর উচ্চমাধ্যমিক দুই পরীক্ষাতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩৫ হাজার ৯২৭ জন। এঁদের মধ্যে ফেল করেছেন ২৩ হাজার ৭৩ জন। অনুত্তীর্ণের হার ৬৪ দশমিক ২২ শতাংশ।
‘ক’ ইউনিটের ভর্তি নির্দেশিকা থেকে জানা যায়, মোট ১২০ নম্বরের পরীক্ষায় পাস করতে হলে কমপক্ষে ৪৮ নম্বর পেতে হবে। কোনো শিক্ষার্থী এর কম পেলে তিনি পরীক্ষায় অকৃতকার্য হবেন। ৩০ হাজার ৯১৪ জন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে গত বছর এই ইউনিটে পরীক্ষা দিয়ে পাস করেছেন ১৫ হাজার ১২৭ জন। বাকি ৫১ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণই হতে পারেননি।
চলতি বছর দুই পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন কলা অনুষদে এমন শিক্ষার্থীর সংখ্যা চার হাজার ৯৭০। এর মধ্যে ফেল করেছেন তিন হাজার ৬৬৩ জন। অনুত্তীর্ণের হার ৭৩ দশমিক ৭০ শতাংশ। ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার নির্দেশিকা থেকে জানা যায়, ১২০ নম্বরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে একজন পরীক্ষার্থীকে কমপক্ষে ৪৮ নম্বর পেতে হবে। একই সঙ্গে ইংরেজি, বাংলা ও সাধারণ জ্ঞানে ৩০-এর মধ্যে ৮ করে পেতে হবে। ২০১০, ২০১১, ২০১২ সালে এই হার ছিল যথাক্রমে ৬৮, ৫৬ ও ৭৫ শতাংশ।
ব্যবসায় শিক্ষা অনুষদে ‘গ’ ইউনিটের অধীনে দুই পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া নয় হাজার ৫৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন চার হাজার ৪৪৭ জন। বাকি ৫৩ দশমিক ৬৫ শতাংশই অনুত্তীর্ণ। গত বছর ‘গ’ ইউনিটে দ্বৈত জিপিএ-৫ পাওয়া সাত হাজার ৮২৭ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন তিন হাজার ২৮৭ জন। চার হাজার ৫৪০ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
২০১১ সালে এই হার ছিল ৭৭ শতাংশ এবং ২০১০ সালে ৭৮ শতাংশ। ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার নির্দেশিকা থেকে জানা যায়, ১২০ নম্বরের মধ্যে একজন পরীক্ষার্থীকে কমপক্ষে ৪৮ নম্বর পেতে হবে। একই সঙ্গে তাঁকে ইংরেজিতে কমপক্ষে ১২ পাওয়ার শর্তও পূরণ করতে হবে।
গতকাল প্রকাশিত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে মাত্র ২৭ দশমিক ৪৪ শতাংশ পাস করেছেন। ২৪ হাজার ৮৩৪ জন আবেদনকারীর মধ্যে ফেল করেছেন ১৮ হাজার ২০ জন। অনুত্তীর্ণের হার ৭২ দশমিক ৭৫ শতাংশ।
গত বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ৯০ শতাংশ পাসই করতে পারেননি। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৫ হাজার ৯০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র এক হাজার ৪৭ জন। ২০১০ ও ২০১১ সালে অনুত্তীর্ণের হার ছিল যথাক্রমে ৫২ ও ৬২ শতাংশ।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জিপিএ–৫ পেয়েও অনুত্তীর্ণ
ক ইউনিটে ৬৪.২২%
খ ইউনিটে ৭৩.৭০%
গ ইউনিটে ৫৩.৬৫%