দুটি ট্রলার নির্মাণের কাজ শুরু করল ওয়েস্টার্ন ফিশার্স
গভীর সমুদ্রে মাছ ধরার উপযোগী দুটি ট্রলার নির্মাণের কাজ শুরু করেছে ওয়েস্টার্ন ফিশার্স শিপইয়ার্ড। গতকাল বুধবার পটিয়ায় অবস্থিত শিপইয়ার্ডে লোহার পাতে হাতুড়ি পিটিয়ে অর্থাৎ‘কিল-লেয়িং’ অনুষ্ঠানের মাধ্যমে এই কাজ শুরু হয়। প্রসঙ্গত, ওয়েস্টার্ন ফিশার্স শিপইয়ার্ড শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের সহযোগী প্রতিষ্ঠান। গত মাসে শিপইয়ার্ডটি একই ধরনের আরও ছয়টি ট্রলার নির্মাণের কাজ শুরু করে। গতকাল অনুষ্ঠানে জানানো হয়, এলায়েন্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এলায়েন্স ডিপ সি ফিশিং লিমিটেডের জন্য এই দুটি ট্রলার নির্মাণ করা হচ্ছে। প্রতিটির দৈর্ঘ্য ৪১ মিটার। প্রতিটি নির্মাণে খরচ হবে ২০ কোটি টাকা। আগে এ ধরনের মাছ ধরার ট্রলার চীন ও থাইল্যান্ড থেকে আমদানি করা হতো। অনুষ্ঠানে ওয়েস্টার্ন ফিশার্স শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন বলেন, এই ট্রলারগুলো মানের দিক থেকে বিদেশে নির্মিত ট্রলারগুলোর চেয়ে কোনো অংশে কম হবে না।