দুটি ট্রাক নিয়ে ভেঙে পড়ল গোদাগাড়ীর বেইলি ব্রিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোদাগাড়ীর ভেঙে পড়া ব্রিজ ও দুর্ঘটনা কবরিত দুই ট্রাক। ছবিটি গতকাল ভোরে তোলা l প্রথম আলো
গোদাগাড়ীর ভেঙে পড়া ব্রিজ ও দুর্ঘটনা কবরিত দুই ট্রাক। ছবিটি গতকাল ভোরে তোলা l প্রথম আলো

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিজয়নগর-মাটিকাটা বাইপাস সংযোগ সড়কের হরিশংকপুর এলাকার বেইলি ব্রিজে গতকাল বুধবার ভোরে দুটি ট্রাক একসঙ্গে ওঠার পর সেটি ভেঙে পড়ে। এ ঘটনায় একটি ট্রাকের চালক ও চালকের সহকারী আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন বলেন, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে একটি আমের ট্রাক ও বালিভরা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এরপর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সড়কের গাড়িগুলো বিকল্প পথ হিসেবে বিজয়নগর-মাটিকাটা বাইপাস সংযোগ সড়কে চলাচল শুরু করে। ভোর পাঁচটার দিকে ক্ষতিগ্রস্ত ওই ব্রিজের ওপর পরপর সিমেন্টভর্তি তিনটি ট্রাক ওঠে। এরপর একটি ট্রাক পার হওয়ামাত্রই অপর দুটি ট্রাক নিয়ে ব্রিজটি ভেঙে পড়ে। এতে একটি ট্রাক পুরোপুরি উল্টে নিচে পড়ে যায়। আরেকটি ট্রাক ব্রিজের সঙ্গে ঝুলে থাকে। এরপর থেকে ওই সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় লোকজনের সূত্রে আরও জানা যায়, লোহার এই ব্রিজটি বেশ কয়েক বছর ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। তাই সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে সেতুর দুই পাশে ‘তিন টনের অধিক যান চলাচল নিষেধ’ লেখা দুটি সাইনবোর্ড লাগানো ছিল। তবে দেখভালের লোক না থাকায় হরহামেশাই ব্রিজটির ওপর দিয়ে পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচল করত। গতকাল ভোরে হঠাৎ দুটি ট্রাক নিয়ে ব্রিজটি বিকট শব্দে ভেঙে পড়ে। পরে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর স্থানীয় লোকজন একটি ট্রাকের ভেতর থেকে সেটির আহত চালক ও তাঁর সহকারীকে উদ্ধার করে হাসপাতালে নেন।
রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান বলেন, খবর পেয়ে সকালেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। পুলিশি তৎপরতায় ট্রাক দুটি উদ্ধারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, তিন টনের বেশি ওজনের যানবাহন এই ব্রিজে না ওঠানোর বিষয়ে ব্রিজের দুপাশে সওজের পক্ষ থেকে দুটি সাইনবোর্ড লাগানো ছিল। কিন্তু দুটি ট্রাকই ৭০০ ব্যাগ করে সিমেন্ট নিয়ে ব্রিজে উঠেছিল। সিমেন্টসহ একেকটি ট্রাকের ওজন ছিল প্রায় ৪০ টন। এই ব্রিজে এত ওজনের ট্রাক নিয়ে ওঠাটা একেবারেই পাগলামি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
প্রকৌশলী নাজমুল হাসান বলেন, ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় সেখানে নতুন একটি বেইলি ব্রিজ বসানোর নকশা করা হয়েছে। অচিরেই হয়তো সেটা বসানো হবে। কিন্তু আপাতত প্রাথমিক কাজ চলার জন্য ভেঙে পড়া ব্রিজটিই সংস্কার করা হবে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ গতকাল বিকেল চারটার দিকে বলেন, এখনো সিমেন্টের বস্তা সরানোর কাজ শেষ হয়নি। সিমেন্ট সরানোর পর ট্রাক উদ্ধার করা সম্ভব হবে। তবে সময় লাগবে।
সওজ সূত্রে জানা গেছে, ২০০০ সালের আগ পর্যন্ত রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এই সড়ক। ১৯৮০ সালের দিকে এই ব্রিজটি নির্মাণ করা হয়। ২০১৩ সালের দিকে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ব্রিজটি পরিদর্শন করে দ্রুত সংস্কারের ঘোষণা দিয়েছিলেন।