দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহের ভালুকা উপজেলায় আজ শুক্রবার ভোরে মালবোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন মনির হোসেন (২৫) ও মো. শফিক (২৭)। মনিরের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার সামপুর ও শফিকের বাড়ি শেরপুর সদর উপজেলার টিকারচড়া গ্রামে। সংঘর্ষে আহত ট্রাকচালক মো. রফিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হাজির বাজার এলাকায় ঢাকা থেকে ময়মনসিংহগামী চিনিভর্তি একটি ট্রাকের সঙ্গে ময়মনসিংহ থেকে ঢাকাগামী সবজি ও চালবোঝাই আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একটি ট্রাকের চালকের সহকারী মো. শফিক ও আরেকটি ট্রাকে থাকা সবজি ব্যবসায়ী মনির হোসেন নিহত হন। সংঘর্ষে গুরুতর আহত হন ঢাকাগামী ট্রাকের চালক মো. রফিক। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য দুজনের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একটি ট্রাক জব্দ করা হয়েছে। আরেক ট্রাকের চালক পালিয়ে গেছেন।
ওসি বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।