একই সড়কে আবার দুর্ঘটনা, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষে চালকসহ তিনজন নিহত ও দুজন আহত হয়েছে। আজ রোববার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে ট্রাকের চালক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিনের ভাষ্য, কোনাবাড়ি এলাকায় রাস্তার পাশে থেমে থাকা একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের চালকসহ তিনজন নিহত হয়। আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক দুটি সরিয়ে নেওয়া হয়েছে।

গতকাল শনিবার বেলা তিনটার দিকে একই মহাসড়কের একই উপজেলার সীমান্ত বাজার এলাকায় দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ট্রাকের চালক, সহকারীসহ ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৪ জন। আজ ভোরে আবার দুর্ঘটনা হলো।