জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর তিস্তা ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের দুটি বগি বাতিল করা হয়েছে। এতে যাত্রীরা টিকিট না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছে।
এলাকার কয়েকজন ব্যক্তি ও ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, সড়কপথে জামালপুর থেকে ঢাকা যাতায়াতের জন্য ভালো মানের বাস সার্ভিস না থাকায় জেলার অধিকাংশ মানুষ ট্রেনের ওপর নির্ভরশীল। ট্রেনের আসনব্যবস্থার চেয়ে প্রায় তিন গুণ বেশি যাত্রী এখান থেকে যাতায়াত করে থাকে। এর মধ্যে হঠাৎ করে গত সোমবার (২০ এপ্রিল) আন্তনগর তিস্তা ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি করে বগি বাতিল করা হয়েছে। এতে আসন-সংকট প্রকট হয়েছে। ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ট্রেনে যাতায়াত করতে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জামালপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ঢাকায় যাতায়াতের জন্য আন্তনগর তিস্তার ৭১০টি ও আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ৭১০টি আসন ছিল। ২০ এপ্রিল থেকে আন্তনগর তিস্তা ট্রেনের শোভন শ্রেণির ৬৮ আসনের এক্সটা-৫ ও আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের শোভন শ্রেণির ৬৮ আসনের এক্সটা-১ বগিটি বাতিল করা হয়েছে।
গত বুধবার সরেজমিনে জামালপুর স্টেশনে দেখা যায়, ঢাকাগামী আন্তনগর তিস্তা ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের টিকিট কাউন্টারে যাত্রীরা টিকিট না পেয়ে ফেরত যাচ্ছে। এ সময় শহরের মুকুন্দবাড়ি এলাকার রফিকুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, ঢাকায় যাওয়ার জন্য তিস্তা এক্সপ্রেস ট্রেনের টিকিট কিনতে এসেছিলেন। কিন্তু কাউন্টার থেকে জানানো হয়, ট্রেনের বগি বাতিল করা হয়েছে। ফলে কাউন্টারে কোনো টিকিট নেই। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, বগি বাতিল করার আগেই স্টেশনে এসে টিকিট পাওয়া যেত না। এখন বগি বাতিল হয়েছে, টিকিট তো দূরের কথা দাঁড়িয়ে যাওয়া যায় কি না, তা-ও অনিশ্চিত। এ সময় টিকিট নিতে আসা বেশির ভাগ যাত্রী ক্ষোভের সঙ্গে জানায়, এ অঞ্চলের বেশির ভাগ মানুষ ট্রেনের ওপর নির্ভরশীল। হঠাৎ করে দুটি ট্রেনের দুটি বগি বাতিল করায় তাদের চরম দুর্ভোগে পড়তে হবে।
এদিকে ভুক্তভোগী ট্রেনযাত্রীরা রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত ট্রেনের বগি ও টিকিটের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছে।
জামালপুর স্টেশন মাস্টার মো. জহুরুল ইসলাম বলেন, ওই দুটি ট্রেনের একটি করে বগি বাতিল করা হয়েছে। তবে কী কারণে বাতিল করা হয়েছে তা তাঁর জানা নেই। এখান থেকে আসনসংখ্যার চেয়ে প্রায় তিন গুণ যাত্রী দাঁড়িয়ে যাতায়াত করে থাকে। ফলে দুটি বগি বাতিল করায় যাত্রীদের সেবা দিতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে।