বন্দরের অনুমতি ছাড়া পরিচালনার দায়ে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের পটিয়ার কোলগাঁওয়ে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত দুটি ডকইয়ার্ডের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আগামী এক সপ্তাহের মধ্যে ইয়ার্ড দুটি সরিয়ে নেওয়ার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ইয়ার্ড দুটি হলো আবদুল হামিদের মালিকানাধীন নুসরাত জাহান ডকইয়ার্ড ও শেখ আহাম্মদের মালিকানাধীন নূরে মদীনা ডকইয়ার্ড। নূরে মদীনা ডকইয়ার্ডে লাইটার জাহাজ মেরামত ও মাছ ধরার নৌযান নির্মাণ করা হতো। নুসরাত জাহান ডকইয়ার্ড নির্মাণ করত মাছ ধরার নৌযান। গতকাল সকালে বন্দরের জলসীমায় অবস্থিত ডকইয়ার্ড দুটিতে অভিযান চালানো হয়।
বন্দরের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি প্রথম আলোকে বলেন, অনুমতি ছাড়া কার্যক্রম পরিচালনার দায়ে ডকইয়ার্ড দুটির মালিককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
সন্ধ্যায় জরিমানার টাকা পরিশোধ করেন দুই ডকইয়ার্ডের মালিক।
এদিকে গতকাল পৃথক অভিযানে ১১টি লাইটার জাহাজের মাস্টারকে ৩ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নৌ-চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং অতিরিক্ত পণ্যবোঝাইসহ নানা অভিযোগে এসব নৌযানের মাস্টারকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম।
এ ছাড়া গতকাল বন্দরের জেটি এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও পণ্য নষ্ট করার দায়ে ট্রাকচালক আবুল বাহারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।