দুটি ডেমুর উদ্বোধন আজ
দেশের বৃহত্তম রেল জংশন স্টেশন পার্বতীপুর থেকে ঠাকুরগাঁও ও লালমনিরহাট পথে দুটি ডেমু ট্রেন আজ মঙ্গলবার উদ্বোধন করা হবে। দুটি ট্রেনে যাত্রী চলাচল শুরু হবে কাল বুধবার থেকে।চীন থেকে আমদানি করা ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট বা ডেমু ট্রেন দুটির আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে রেলওয়ে। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফেরদৌস আলম জানান, পার্বতীপুর-ঠাকুরগাঁও ৯৪ কিলোমিটার রেলপথে চলাচলের জন্য ৩০০ আসনের ডেমু ট্রেন আজ সকাল ১০টায় ঠাকুরগাঁও রেলস্টেশনে উদ্বোধন করবেন রেলমন্ত্রী মুজিবুল হক। এরপর পার্বতীপুর স্টেশনে বেলা তিনটায় পার্বতীপুর-লালমনিরহাট ৭১ কিলোমিটার রেলপথে চলাচলের জন্য অপর ডেমু ট্রেনের উদ্বোধন করবেন মন্ত্রী।রেলওয়ের কর্মকর্তারা জানান, বুধবার থেকে ডেমু ট্রেন দুটি ঠাকুরগাঁও কমিউটার ও রংপুর কমিউটার নামে নিয়মিত চলাচল করবে। ঠাকুরগাঁও কমিউটার প্রতিদিন বেলা তিনটায় পার্বতীপুর রেলস্টেশন থেকে ছেড়ে ঠাকুরগাঁও পৌঁছাবে সন্ধ্যা ছয়টায়। ঠাকুরগাঁও থেকে সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে ছেড়ে পার্বতীপুর পৌঁছাবে রাত নয়টা ৪০ মিনিটে। ট্রেনটি চিরিরবন্দর, দিনাজপুর, সেতাবগঞ্জ ও পীরগঞ্জ স্টেশনে থামবে। পার্বতীপুর থেকে দিনাজপুরের ভাড়া ১৫ টাকা ও ঠাকুরগাঁওয়ের ভাড়া ৪৫ টাকা।