রংপুরের বদরগেঞ্জর বুজরুক হাজীপুর নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিজ্ঞান বিষয়ের পাঠ্যবই সরবরাহ না করায় সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম এ খলিলুর রহমানের নির্দেশে জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জিয়াছমিন আক্তারকে প্রধান করে তিন সদস্যের একটি ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদের নির্দেশে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল ও শাহেদুল হক। জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন বদরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান। দুই তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিকেলে ওই দুটি তদন্ত কমিটি গঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন।
এ নিয়ে গতকাল প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘টাকা না দেওয়ায় বিজ্ঞান বই পায়নি শিক্ষার্থীরা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের সূত্র ধরে ওই দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।