দুটি দলেই গণতন্ত্রের চর্চা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সামনে মহাসংকট: নাগরিক উদ্যোগ জরুরি’ শীর্ষক সেমিনারে বক্তারা নির্বাচন নিয়ে সরকারি ও বিরোধী দলের যুদ্ধংদেহী অবস্থায় উৎকণ্ঠা প্রকাশ করে বলেছেন, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ঠিক করতে না পারার কারণেই এ সংকট তৈরি হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে নাগরিক ঐক্যের সেমিনারে বক্তারা সরকারি ও বিরোধী উভয় দলের প্রতি তাঁদের অনাস্থার কথা জানিয়ে বলেন, দল দুটিতে গণতন্ত্রের চর্চা নেই। দুই দলের নেত্রীই দলের নামে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করছেন। বিদ্যমান এ অবস্থায় গণতন্ত্রের প্রতি আস্থাশীল তৃতীয় ধারার রাজনৈতিক শক্তির অভ্যুদয়ই দেশকে রক্ষা করতে পারে।

নাগরিক ঐক্যের প্রধান উপদেষ্টা সাংবাদিক এবিএম মূসা বলেন, সবাই বলছেন নির্বাচন নিয়ে সংলাপের কথা। কিন্তু সংলাপে যাদের বসার কথা, তাদের এক পক্ষ প্রলাপ বকছে, আরেক পক্ষ বিলাপ করছে।

সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ বলেন, আওয়ামী লীগ তার চরিত্র হারিয়েছে। দলটি নিজের জন্মসূত্র ও দর্শন বিস্মৃত হয়েছে। আর জন্ম থেকেই বিএনপির কোনো চারিত্রিক বৈশিষ্ট ছিল না, এখনো নেই। এই দুই দলকে সামনে রেখে মধ্যস্বত্বভোগীরা নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে।

নাগরিক ঐক্যের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এস এম আকরাম বলেন, আওয়ামী লীগ বা বিএনপিকে খুব বড় দল ভাবার কারণ নেই। ভোটাররা এই দল দুটির প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন।

সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, দলগুলোর কাছে নির্বাচনই গণতন্ত্রের প্রতিশব্দ হয়ে গেছে। নির্বাচন বলতে তাঁরা ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় টিকে থাকা বোঝে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, গণতন্ত্র হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার প্রধান শর্ত। গণতন্ত্রের প্রতি আস্থা থাকলে দল দুটির নেত্রীরা পরিবারতন্ত্র প্রতিষ্ঠায় উদ্যোগী হতেন না, দলের ভেতরে গণতন্ত্রের চর্চাকে রুদ্ধ করে দিতেন না।

শুরুতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান সেমিনারের ধারণাপত্র উপস্থাপন করেন। তিনি বলেন, নাগরিক ঐক্য রাজনৈতিক দল নয়, একটি সামাজিক আন্দোলন। বড় দুটি দল ও দুই নেত্রীর বৈরিতাপূর্ণ সম্পর্ক যখন দেশকে সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে, তখন নাগরিক ঐক্য গণতন্ত্রমনা ব্যক্তি, সংগঠনের মধ্যে রাজনৈতিক ঐক্য তৈরি করার দায়িত্ব নিয়েছে।