দুটি দুর্ঘটনাই রেলক্রসিং পার হতে গিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও যশোর সদর উপজেলায় গতকাল শনিবার ট্রেনের ধাক্কায় ১২ জন বাসযাত্রী নিহত হওয়ার দুটি দুর্ঘটনাই ঘটেছে রেলক্রসিং পার হতে গিয়ে।এর মধ্যে ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনের দক্ষিণ আউটার সিগন্যাল রেলক্রসিংটির অনুমোদন না থাকায় সেখানে কোনো নিরাপত্তা গেট ছিল না। আর যশোর সদরের রাজারহাটের রেলক্রসিংয়ের অনুমোদন থাকলেও দুর্ঘটনার সময় সেখানে নিরাপত্তা গেট আটকাতে পারেননি গেটম্যান রুবেল। কারণ ট্রেন আসার শব্দ শুনতে পাননি তিনি। এ ব্যাপারে গেটম্যান রুবেলের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।যোগাযোগ করা হলে রেলওয়ে যশোরের সহকারী প্রকৌশলী নাঈমুল হক প্রথম আলোকে জানান, গেটম্যান রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, ট্রেনের হুইসেল শুনতে না পাওয়ায় তিনি ক্রসিংয়ে গেট নামাতে পারেননি। দায়িত্বে অবহেলার কারণে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। রুবেল অস্থায়ী কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।যশোর রেলওয়ের জংশনের মাস্টার কাজী আমিরুল ইসলাম প্রথম আলোকে জানান, ‘রাজারহাট রেলক্রসিংয়ের ঘরে তারবার্তা পাওয়ার কোনো সুযোগ নেই। কারণ সেখানে কোনো টেলিফোন বা মোবাইল ফোন নেই। দায়িত্বরত ব্যক্তিকে ট্রেন আসার শব্দ শুনে গেট আটকাতে হয়। আমরা এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’অন্যদিকে গতকাল দুর্ঘটনার পর কুমিল্লার শশীদল রেলস্টেশনের অদূরে দক্ষিণ আউটার সিগন্যাল রেলক্রসিংয়ে গিয়ে দেখা গেছে একটি সাইনবোর্ড। তাতে লেখা: ‘সাবধান, অনুমোদনবিহীন লেভেলক্রসিং, নিজ দায়িত্বে পার হউন’। কে সাইনবোর্ডটি দিয়েছে, তা লেখা ছিল না। এই রেলক্রসিংয়ের ওপর দিয়ে চলে গেছে কুমিল্লা-বাগড়া সড়ক। কুমিল্লার উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগের এটি একমাত্র পথ। নিরাপত্তা গেট না থাকায় প্রতিদিন হাজার হাজার যানবাহন ও লোকজনকে চরম ঝুঁকি নিয়ে রেলক্রসিং পার হতে হয়। সেখানে নিরাপত্তা গেট দিয়ে গেটম্যান নিয়োগের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও কাজ হয়নি। স্থানীয় মল্লিকা দীঘি গ্রামের বাসিন্দা মো. আবু তাহের (৫২) জানান, ‘স্বাধীনতার এক বছর পর ১৯৭২ সাল পর্যন্ত শশীদলে রেলক্রসিং ছিল, গেটম্যানও ছিল। কিন্তু রেলের অব্যবস্থাপনার কারণে এখান থেকে একপর্যায়ে গেট তুলে নেওয়া হয়। এরপর অনেকবার দাবি জানালেও সেখানে গেট দেয়নি রেলওয়ে।’স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান ফরাজী প্রথম আলোকে জানান, কুমিল্লা-বাগড়া সড়কটি তাঁদের অধীনে আছে। কিন্তু তিনি নতুন যোগ দিয়েছেন। এ কারণে ওই সড়কের শশীদল রেলগেট নির্মাণের ব্যাপারে আগের প্রকৌশলীরা রেল কর্তৃপক্ষের কাছে কোনো আবেদন করেছিলেন কি না, তা তাঁর জানা নেই। শশীদল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রশিদুল আলম দাবি করেন, ‘বাসচালকের অসতর্কতার কারণে ওই দুর্ঘটনা হয়েছে। কারণ রেলগেট না থাকায় বাসচালকদেরই দেখেশুনে রেলক্রসিং পার হতে হবে।’ রেলক্রসিংয়ের অনুমোদনের ব্যাপারে পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মো. মজিবর রহমান প্রথম আলোকে বলেন, ‘জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এই রেলক্রসিংয়ের ব্যাপারে কোনো আবেদন করেনি। তারা আবেদন করলে আমরা বিধি মোতাবেক পদক্ষেপ নেব।’