
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্লট বিতরণের জন্য আরও দুটি প্রকল্প গ্রহণ করেছে। তবে প্রকল্পের স্থান চূড়ান্ত করা হয়নি। গতকাল বৃহস্পতিবার রাজউক চেয়ারম্যান এই নতুন প্রকল্পের কথা জানান।
গত এক বছরে কার্যক্রম তুলে ধরতে গতকাল দুপুরে রাজউকের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এর চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া বলেন, অনেক সাংসদ ও পেশাজীবী পক্ষ রাজউকের আবাসিক প্রকল্পের প্লট পাননি। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুটি নতুন আবাসিক এলাকা তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের কাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান রাজউকের আগের আবাসিক প্রকল্পগুলো সম্পর্কে বলেন, উত্তরা তৃতীয় পর্যায়ে প্রকল্পে ওয়াসার তিনটি লেক নিয়ে সমস্যা হয়েছিল। এখানে রাজউক পাঁচটি লেক খনন করেছে। সমস্যা মিটে গেছে। এখন দ্রুত কাজ চলছে। উত্তরায় বহুতল ভবন প্রকল্পে আগের প্রতিষ্ঠানকে বাদ দিয়ে নতুন প্রতিষ্ঠানকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। কাজ চলছে। ঝিলিমিল প্রকল্পের শতকরা ৮০ ভাগ প্লট হস্তান্তর করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবিদাওয়া পূরণ করা হয়েছে।
রাজউক চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, পূর্বাচল স্মার্ট সিটি প্রকল্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবিদাওয়া নিয়ে সমস্যা থাকায় প্রকল্পের কাজ বন্ধ ছিল। তবে প্রকল্প এলাকায় যাঁদের বসতবাড়ি ছিল, তাঁদের সঙ্গে দাবিদাওয়ার সমাধান হয়েছে। যাঁদের জমি বা অন্য স্থাপনা ছিল, তাঁদের দাবিও সমঝোতার পর্যায়ে। চেয়ারম্যান জানান, ২০১৪ সাল থেকে পূর্বাচলের কাজ পুরোদমে চলছে। ইতিমধ্যে কুড়িল বিশ্বরোড থেকে ৩০০ ফুট সড়ক নির্মাণ করা হয়েছে এবং প্রকল্পের ভেতরের সড়কগুলোও নির্মাণ করা হচ্ছে। পানি ও অন্যান্য সুবিধার জন্য কয়েকটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। শিগগিরই চুক্তি হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
রাজউককে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্তব্য করে জয়নাল আবেদীন ভূঁইয়া বলেন, জনগণের ভোগান্তি যাতে কম হয় সে জন্য ভবনের নকশা অনুমোদনসহ অন্যান্য সুবিধার জন্য ডিজিটাল সেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে লালবাগ ও ধানমন্ডি এলাকা এই সুবিধার আওতায় আনা হচ্ছে। শহরের যানজট নিরসন, আবাসিক এলাকায় বাণিজ্যিক ভবন নির্মাণ, নকশাবহির্ভূতভাবে ভবন নির্মাণ-সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাবে চেয়ারম্যান জানান, সিটি করপোরেশন, ওয়াসাসহ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে উদ্যোগ নিয়ে যানজট নিরসনের ক্ষেত্রে রাজউক কাজ করছে। অবৈধ স্থাপনাও দখলমুক্ত করতে অভিযান চলবে।
এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, বর্তমান ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ)-এর মেয়াদ চলিত বছরের ডিসেম্বরে শেষ হবে। নতুন করে ড্যাপ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে মতামত দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।