চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন দুটি বিভাগ চালু করা হচ্ছে। এগুলো হচ্ছে: ফলিত ও পরিবেশ রসায়ন এবং ফার্মেসি বিভাগ। জীববিজ্ঞান অনুষদের অধীনে বিভাগ দুটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।গত বুধবার বিকেলে সিনেটের ২৩তম বার্ষিক সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম এ ঘোষণা দেন। সভায় কলা অনুষদের নতুন নামকরণ ‘কলা ও মানববিদ্যা অনুষদ’ অনুমোদন দেওয়া হয়।সভায় উপাচার্য বলেন, দুটি নতুন বিভাগ চালু করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। এর মধ্যে ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের অনুমোদন পাওয়া গেছে। শিগগিরই এ বিভাগের শিক্ষা কার্যক্রম চালু হবে।বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদে ৩৫টি বিভাগ ও তিনটি ইনস্টিটিউটে শিক্ষা কার্যক্রম চালু আছে।গত বছরের ৩০ সেপ্টেম্বর কলা অনুষদের ৬৮তম সভায় এবং চলতি বছরের ২২ ফেব্রুয়ারি একাডেমিক কাউন্সিলের সভায় কলা অনুষদের নাম পরিবর্তনের সুপারিশ করা হয়। এই সুপারিশ ৬ এপ্রিল সিন্ডিকেটের ৪৭২তম সভায় অনুমোদন দেওয়া হয়।কলা অনুষদের নতুন নামকরণ সিনেটে অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন ওই অনুষদের ডিন ও সিনেট সদস্য গোলাম কিবরিয়া।