দুটি নবজাতক ও এক গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় একটি অটোরিকশায় ফেলে যাওয়া কাগজের বাক্স থেকে এবং হবিগঞ্জে নদী থেকে দুটি নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া চাঁদপুরের হাজীগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে এক গৃহবধূর লাশ। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের পাবই চৌরাস্তায় একটি অটোরিকশায় রাখা কাগজের বাক্স থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাত ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সড়কটির কলমাকান্দা উপজেলার বাহাদুরকান্দা এলাকা থেকে গত সোমবার রাত সোয়া ১০টার দিকে দুই নারী একটি কাগজের বাক্স নিয়ে অটোরিকশাটিতে ওঠেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। রাত পৌনে ১১টার দিকে ওই দুই নারী বাক্সটি অটোরিকশায় রেখেই পাবই চৌরাস্তা মোড়ে নেমে যান। এরপর মুষলধারে বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ পর অটোচালক জসিম মিয়া বাক্সটি দেখতে পান। পরে তিনি যেখানে ওই দুই নারীকে নামিয়েছিলেন সেখানে খোঁজ করে আর তাঁদের সন্ধান পাননি। এরপর লোকজন নিয়ে বাক্সটি খোলা হলে সেটির ভেতর এক নবজাতকের লাশ পাওয়া যায়। রাত ১২টার দিকে কলমাকান্দা থানা-পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি অবৈধ গর্ভপাতের ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।

হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার এলাকায় খোয়াই নদ থেকে গতকাল মঙ্গলবার দুপুরে আরেক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন খোয়াই নদের কিবরিয়া সেতুর নিচে পানিতে গতকাল দুপুরে একটি শিশুর লাশ ভাসতে দেখে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এদিকেচাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর বড়কুল ইউনিয়নের উত্তর রায়চোঁ গ্রামের পুকুর থেকে গতকাল মঙ্গলবার সকালে সেলিনা আক্তার (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামীর পরিবার ও তাঁর নিজের পরিবারের পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। সেলিনার স্বামীর পরিবারের দাবি, ওই গৃহবধূ পানিতে ডুবে মারা গেছেন। এদিকে সেলিনার পরিবারের দাবি, তাঁকে মেরে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।

খবর পেয়ে হাজীগঞ্জ থানা-পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বলাই চন্দ্র দেবনাথ নিহত গৃহবধূর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। তিনি জানান, সেলিনার পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার উত্তর রায়চোঁ গ্রামের সর্দারবাড়ির পুকুরে গৃহবধূ সেলিনার লাশ ভেসে উঠতে দেখেন লোকজন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরিষ্কার হবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

(প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন নেত্রকোনা, হবিগঞ্জ ও চাঁদপুরের হাজীগঞ্জ প্রতিনিধি।)