দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায় ওয়ার্কার্স পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের রাজনৈতিক বাস্তবতায় আগামী দুই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা এবং এ বিষয়ে সব দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্তে উপনীত হওয়া প্রয়োজন মনে করে ওয়ার্কার্স পার্টি।গতকাল শুক্রবার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী সভার প্রথম দিনে সংবিধান সংশোধন-সম্পর্কিত প্রস্তাবে এ অভিমত প্রকাশ করা হয়। পার্টির সভাপতি রাশেদ খান মেনন সভায় সভাপতিত্ব করেন। এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) জাতীয় পরিষদ সৃষ্ট সংকট নিরসনের জন্য নতুন সংবিধান প্রণয়নের প্রস্তাব করেছে।ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটি দৃঢ় অভিমত প্রকাশ করে বলেছে, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করার পর সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আর বহাল নেই। সে কারণে এ ব্যবস্থা বহাল রেখেই আলোচনা অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্য অযৌক্তিক এবং দেশে একটি রাজনৈতিক সংকট সৃষ্টি করার উদ্দেশ্যপ্রণোদিত।সভায় সামরিক ফরমান বলে পঞ্চম সংশোধনীতে সংবিধানের প্রস্তাবনায় ‘বিসমিল্লাহ’ ও অষ্টম সংশোধনীতে ‘রাষ্ট্রধর্ম’ বহাল রাখা এবং বাহাত্তরের সংবিধান সংশোধন করে ধর্মভিত্তিক রাজনীতি করার সুযোগ দিয়ে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সুপারিশ সম্পর্কে গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করা হয়। ওয়ার্কার্স পার্টি সংবিধানের মূলনীতির পরিপন্থী এবং মৌলকাঠামোর সঙ্গে সাংঘর্ষিক এসব সুপারিশ অনুমোদন না করার জন্য সাংসদদের প্রতি আহ্বান জানিয়েছে।পার্টির আরেক প্রস্তাবে বাংলাদেশের সব জনগণকে ‘বাঙালি’ হিসেবে অভিহিত করা, ক্ষুদ্র জাতিসত্তাগুলো ‘আদিবাসী’ পরিচয়দানে অস্বীকৃতি এবং পার্বত্য চট্টগ্রামকে ‘বিশেষ শাসিত অঞ্চল’ হিসেবে গণ্য না করাকে বিশেষ কমিটির ব্যর্থতা বলে সমালোচনা করা হয়। একই সঙ্গে সাংসদদের স্বাধীনতা হরণকারী ৭০ অনুচ্ছেদে কার্যকর কোনো পরিবর্তন না আনা, সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন প্রদান না করার সমালোচনা করা হয়।সভায় রাজনৈতিক প্রতিবেদন উত্থাপন করেন পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক। আলোচনায় কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, আবদুর রাজ্জাক, মোজাম্মেল হক প্রমুখ অংশ নেন।জেএসডির দাবি, নতুন সংবিধান প্রণয়ন: জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) জাতীয় পরিষদ সৃষ্ট সংকট নিরসনের জন্য নতুন সংবিধান প্রণয়নের প্রস্তাব করেছে।গতকাল সকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পরিষদের বৈঠক হয়। এতে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব সভাপতিত্ব করেন। সভার শুরুতে জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বক্তব্য দেন।