দুটি নৌযানই দায়ী সরকারি সংস্থা নির্দোষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়ায় দুর্ঘটনার শিকার দুটি নৌযানকেই দায়ী করেছে এ-সংক্রান্ত তদন্ত কমিটি। প্রশিক্ষিত মাস্টার ও চালক দিয়ে লঞ্চ পরিচালনা না করায় ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চ শরীয়তপুর-১-এর মালিককে দায়ী করা হয়েছে। অন্যদিকে ডুবে যাওয়া লঞ্চটিকে ধাক্কা দেওয়া সিটি-১ মালিককে দায়ী করা হয়েছে রাতে মালবাহী নৌযান চালানোর অপরাধে।গতকাল বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রী শাজাহান খান তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন। মন্ত্রী জানান, দুর্ঘটনার পর তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সব কটি কমিটির প্রতিবেদন সমন্বয় করে গতকালের প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদন সাংবাদিকদেরও দেওয়া হয়।গত ১২ মার্চ মধ্যরাতে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে এমভি শরীয়তপুর-১ নামের লঞ্চটি ডুবে যায়। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, লঞ্চটিতে যাত্রী ছিল ২৩০ থেকে ২৪০ জন। এ দুর্ঘটনায় ১৪৭টি মৃতদেহ এবং প্রায় ৫০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়।তদন্ত প্রতিবেদনে দুর্ঘটনার জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন সমুদ্র পরিবহন অধিদপ্তরকে দায়ী করা হয়নি। রাতে মালবাহী নৌযান যেন চলাচল না করে, তা নিশ্চিত করার দায়িত্ব এই সংস্থার। এ বিষয়ে জানতে চাইলে শাজাহান খান বলেন, তাঁদের লোকবলের অভাব আছে।তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীবাহী লঞ্চটির ডেকে নিয়মবহির্ভূতভাবে আনুমানিক ১৫০ থেকে ২০০ বস্তা মরিচ তোলা হয়। এ কারণে মালবাহী জাহাজ লঞ্চটিতে ধাক্কা দেওয়ার পর যাত্রীবাহী লঞ্চটি উল্টে যায়। এ জন্য মানুষও বেশি মারা যায়।নৌমন্ত্রী জানান, দুর্ঘটনার পর মালবাহী নৌযানটি আটক করা হয়। মেরিন কোর্টে মামলাও হয়েছে। এ ছাড়া গজারিয়া থানায় একটি ফৌজদারি মামলা হয়েছে। মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা হবে।এই শাস্তি যথেষ্ট কি না, এমন প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, আন্তর্জাতিক আইনও এমন। তিনি বলেন, গত ২০ বছরে যেসব নৌ-দুর্ঘটনা ঘটছে, তার তালিকা তৈরি করে কী ব্যবস্থা নেওয়া হয়েছে বা কী হয়নি, তা পর্যালোচনা করা হচ্ছে।গতকালের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নৌপরিবহনসচিব আবদুল মান্নান হাওলাদার, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর জোবায়ের আহমদ, তিনটি তদন্ত কমিটির সমন্বয়ক ও নৌমন্ত্রণালয়ের যুগ্ম সচিব বাইতুল আমিন ভূঁইয়া প্রমুখ।